অক্টোবরের মূল্যস্ফীতি: খাদ্যে কমেছে, অন্য খাতে বেড়েছে

বিবিএসএর হিসাবে, এক মাসে খাদ্য মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট। মূলত খাদ্যপণ্যের দামের এই নিম্নমুখী প্রবণতাই সার্বিক মূল্যস্ফীতি কমাতে প্রধান ভূমিকা রেখেছে। কিন্তু খাদ্যবহির্ভূত পণ্যে ও সেবায় ব্যয়ের চাপ উল্টো বেড়েছে। এ ক্ষেত্রেও এক মাসে বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট। খাদ্যবহির্ভূত খাতের এই বৃদ্ধি খাদ্যপণ্যে পাওয়া স্বস্তির একটি অংশকে ম্লান করেছে।
অর্থনীতিবিদেরা বলছেন, মূল্যস্ফীতির দুই খাতের এই বিপরীত চিত্রে বোঝা যায়, বাজারে সব ধরনের ব্যয় একই গতিতে কমছে না। খাদ্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয় এখনো বেশি। বিশেষ করে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি খাদ্য খাতের তুলনায় ৩ দশমিক ৪৯ শতাংশ পয়েন্ট বেশি। ফলে মাসওয়ারি হিসাবে সার্বিক মূল্যস্ফীতি কমার খবর স্বস্তির হলেও এক বছরের ব্যবধানে হার বেড়ে যাওয়ায় চাপ পুরোপুরি কাটেনি এটা পরিষ্কার। অক্টোবরের পরিসংখ্যান বলছে, খাদ্যপণ্যে দাম কমার সুফল মিলছে; কিন্তু অন্যান্য খাতের ব্যয় সেই স্বস্তিকে সীমিত
করে রাখছে।

