দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মাহাদীর রিভিশন আবেদন

দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সংশ্লিষ্ট নিম্ন আদালতের দুটি আদেশ বাতিল চেয়ে আদালতে রিভিশন আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান।
গত রোববার (৮ নভেম্বর) তিনি এ আবেদন দাখিল করেন। এতে গত ১৫ মার্চ দেওয়া দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ এবং ২৬ অক্টোবর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজের আদেশ বাতিলের আবেদন জানানো হয়েছে। তবে বিষয়টি সম্প্রতি জানা গেছে।
রিভিশন আবেদনে বলা হয়েছে, গত ৩ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় মাহাদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত থেকে জামিন পান তিনি। এরপর থেকে জামিনে থাকা অবস্থায় নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন।
আবেদনের বিবরণ অনুযায়ী, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা গত ২৭ ফেব্রুয়ারি আদালতে আবেদন করে মাহাদী হাসানের জল, স্থল ও আকাশপথে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
তবে নিষেধাজ্ঞা জারির আগে তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি কিংবা নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি বলে রিভিশন আবেদনে দাবি করেছেন মাহাদী। এ কারণে আদালতের ওই আদেশ সম্পর্কে তিনি দীর্ঘদিন অবগত ছিলেন না বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

