৮৮ শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনকে ছাড়পত্র, ভেন্টিলেশনে একজন

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে ৩৫ জন।
আহতদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এদের একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় ভেন্টিলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর জরুরি চিকিৎসার জন্য মোট ৮৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৫৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ৩৫ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

