হাসিবের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির বিক্ষোভ

ঘটনার বিবরণ দিয়ে ছাত্রশক্তির মৌলভীবাজার জেলার মুখ্য সংগঠক রাফি হোসেন ফাহিম বলেন, আমরা বিকেল থেকেই শ্রীমঙ্গলে অবস্থান করছি। জুলাই যোদ্ধা ও ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদেই সন্ধ্যায় আমরা এই বিক্ষোভ মিছিল করেছি।
তিনি আরও জানান, বিক্ষোভের আগে ছাত্রশক্তির একটি প্রতিনিধিদল শ্রীমঙ্গল থানায় গিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে হামলার বিষয়টি অবহিত করেছে। রাফি হোসেন ফাহিম আরও বলেন, রাতে হাসিব আল ইসলাম শ্রীমঙ্গলে পৌঁছালে বা সশরীরে ফিরলে এ বিষয়ে থানায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হবে।
এদিকে বিক্ষোভ মিছিলের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, এ ঘটনায় এখনও থানায় কেউ মামলা দায়ের করেননি। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

