কুমিল্লা বন বিভাগ: আত্মীয়র ব্যাংক অ্যাকাউন্টে ঘুষ লেনদেন বন কর্মকর্তার

চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাট পৌর এলাকার কাঠ ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম বলেন, গত ৫ অক্টোবর সকালে এক ট্রাক কাঠ নিয়ে কুমিল্লা দিয়ে ঢাকা যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টায় কুমিল্লার শুয়াগাজী পার হওয়ার সময় শুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের নির্দেশে তাঁর কাঠ বহনকারী ট্রাক দাঁড় করায় স্টেশনের লোকজন। এরপর চলে দেনদরবার। একপর্যায়ে ৪ লাখ টাকায় দফারফা হয় স্টেশন কর্মকর্তা মো. নাজমুল হাসানের সঙ্গে। এই ৪ লাখ টাকা সাউথইস্ট ব্যাংক বারইয়ারহাট শাখা থেকে আরটিজিএসের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক ঢাকার মালিবাগ শাখার আমেনা ফেরদৌস নামে এক মহিলার নামে জমা দেন বলে জানান ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম।
অভিযুক্ত কর্মকর্তা নাজমুলের আত্মীয় আমেনা ফেরদৌস। আজকের পত্রিকার অনুসন্ধানে ন্যাশনাল ব্যাংক ঢাকার মালিবাগ শাখার আমেনা ফেরদৌসের ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করা হয়। সেখানে ব্যবসায়ী সিরাজুলের বক্তব্যের মিল পাওয়া যায়। ব্যাংক স্টেটমেন্টে দেখা যায়, ৫ অক্টোবর সাউথইস্ট ব্যাংক বারইয়ারহাট শাখা থেকে
আরটিজিএসের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক ঢাকার মালিবাগ শাখায় আমেনা ফেরদৌসের অ্যাকাউন্টে ৪ লাখ টাকা জমা হয়েছে।
এ ছাড়া আরও দেখা যায়, আমেনা ফেরদৌসের এই হিসাবে ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১০ দিনে ২৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয়েছে। ৫ অক্টোবরের ওই ৪ লাখ টাকা জমা ছাড়াও এই হিসাবে এই কয়েক দিনে আরও ১৫ লাখ টাকা জমা হয়েছে, যা অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা।

