ঐতিহাসিক পাগলা মসজিদে কারা দান করেন, ব্যয় হয় কোন খাতে

২০২৪ সালের ৩০ নভেম্বর দানবাক্স খুলে পাওয়া যায় ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। ওই বছরের ১৭ আগস্ট পাওয়া যায় ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা এবং ২০ এপ্রিল পাওয়া যায় ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা। ওই বছর তিন দফায় মোট ২৩ কোটি ২২ লাখ ১৪ হাজার ৮৮৭ টাকা পাওয়া যায়।
২০২৩ সালে চার দফায় দানবাক্স খুলে মোট ২১ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ১৮১ টাকা পাওয়া যায়। ওই বছরের ৭ জানুয়ারি ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা, ৬ মে ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা, ১৯ আগস্ট ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা এবং ৯ ডিসেম্বর ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া যায়।
২০২২ সালে তিন দফায় দানবাক্স খুলে পাওয়া যায় মোট ১১ কোটি ২৮ লাখ ৫২ হাজার ৫৯২ টাকা। ওই বছরের ১২ মার্চ পাওয়া যায় ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা, ২ জুলাই ৩ কোটি ৬০ লাখ ২৮ হাজার ৪১৫ টাকা এবং ১ অক্টোবর ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা।

পাগলা মসজিদে বিপুল দান পাওয়ার বিষয়টি আলোচনায় আসে ২০১৫ সালের শুরুর দিকে। সে সময় মসজিদের আটটি দানবাক্স খুলে প্রায় ৬৫ লাখ টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়। এরপর থেকে ছয় মাস পরপর দানবাক্স খোলার প্রচলন শুরু হয়। ২০১৬ সালের শেষ দিকে প্রথমবারের মতো দানবাক্সে এক কোটি টাকার বেশি অর্থ পাওয়া যায়। সে সময় সর্বোচ্চ প্রায় ১ কোটি ১০ লাখ টাকার বেশি জমা পড়েছিল। এরপর বছর গড়ানোর সঙ্গে সঙ্গে দানের পরিমাণ বাড়তে থাকে। বর্তমানে পাগলা মসজিদে রয়েছে ১৩টি দানবাক্স।
পাগলা মসজিদের দানবাক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ দান করেন। শুধু মুসলমান নন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরাও এখানে দান করেন বলে জানিয়েছেন মসজিদের দীর্ঘদিনের নৈশপ্রহরী মো. মকবুল হোসেন।
প্রায় ৩০ বছর ধরে মসজিদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মকবুল হোসেন। তার ভাষ্য অনুযায়ী, আগে আশপাশের এলাকার মানুষই মূলত মসজিদে দান করতেন। এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে অর্থ ও মূল্যবান সামগ্রী দান করেন। বিদেশিরাও মসজিদ পরিদর্শনে এসে দানবাক্সে বৈদেশিক মুদ্রা দেন।
মকবুল হোসেন বলেন, দিনের বেলায় যেমন অনেকে দান করতে আসেন, তেমনি গভীর রাতেও অনেকে গাড়ি নিয়ে এসে দানবাক্সে অর্থ জমা দেন।
তিনি জানান, টাকা-পয়সা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি মানুষ স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন সামগ্রীও দান করেন।
দানের অর্থ ব্যয় হয় যেসব খাতে
পাগলা মসজিদের দানের অর্থ ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা ও অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হয় বলে জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।
মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ জানান, মসজিদের বিদ্যুৎ বিল, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং মসজিদ ও মাদ্রাসার কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ দৈনন্দিন পরিচালন ব্যয় দানের অর্থ থেকে মেটানো হয়।
মসজিদ কমপ্লেক্সের নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় শতাধিক এতিম ও অসচ্ছল শিক্ষার্থীর বিনা মূল্যে পড়াশোনা ও ভরণপোষণের ব্যবস্থা রয়েছে। তাদের শিক্ষা ও জীবনযাপনের প্রয়োজনীয় ব্যয়ও দানের অর্থ থেকে বহন করা হয়। এ ছাড়া মসজিদ ও মাদ্রাসায় কর্মরত ৩৬ জন কর্মীর বেতন দেওয়া হয় এই তহবিল থেকে।

