এক মণ ধানে এক কেজি বীজ

‘কৃষকের মাথায় পুষ্কুনি দেওয়া হইতাছে’ বলে মন্তব্য করেন মুহিবুর রহমান। তিনি বলেন, ‘বীজ কিনছি তিন জাতের। ব্রি-২৯ ধান ১০ কেজির বস্তা ৬০০ টাকা, জনকরাজ ৪০০ টাকা কইরা ৪ কেজি, জিরাশাইল কিনছি ৪ কেজি ৫০০ টাকা কইরা। মিতালী-২ বিক্রি হইতাছে ৬০০-৬৫০ টাকা কেজি। এত টাকা খরচের পর ধানের দাম নাই। এক মণ ধান এক কেজির সমান হইলেও সরকারি সাহায্য (প্রণোদনা) এখনো পাইছি না।’
এবার সুনামগঞ্জের তাহিরপুরে সর্বোচ্চ বিক্রি হয়েছে ব্রি-৬৭ ও ২৮ ধানের বীজ। এই বীজের সরকারি দাম ১০ কেজির বস্তা ৬৩০ টাকা। বিএডিসি নির্ধারিত ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হাইব্রিড ব্রি-৮ ধান। এ ছাড়া সিনডেন্টা কোম্পানির ১২০৩ ধান ৪৬০ টাকা, ব্র্যাকের শক্তি-২ বীজ ৪৬০ টাকা এবং ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার লিমিটেডের জনকরাজ ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বীজের বাজারদর জানতে চাইলে তাহিরপুর বাজারের বীজ ডিলার সামায়ুন কবির বলেন, ‘তাহিরপুর উপজেলা সদরের দুই পাশে জেলার বৃহত্তম শনি ও মাটিয়ান হাওরের অবস্থান। এ দুই হাওরে প্রচুর বোরো আবাদ হয়। কিন্তু ধানের দাম কম থাকায় বোরো চাষে কৃষকের মনে আনন্দ নেই। এক মণ ধানের দাম ও এক কেজি বীজের দাম প্রায় সমান। বিগত বছরগুলোতে এ সময় বীজ ধানের বাজারে ঈদের আমেজ ছিল। এ বছর তেমনটা নেই।’

