ট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেন

সি চিনপিং বলেন, বড় দেশগুলোর ওপর বিশেষ দায়িত্ব রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতিতে ইতিবাচক পারস্পরিক যোগাযোগ এখন আর ঐচ্ছিক বিষয় নয়, বরং অপরিহার্য। সাম্প্রতিক বছরগুলোতে চীন রাশিয়ার সঙ্গে সমন্বয়ভিত্তিক সার্বিক কৌশলগত অংশীদারত্ব জোরদার করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠককে যুগান্তকারী উল্লেখ করে সি চিনপিং বলেন, ইতিহাসে প্রথমবারের মতো চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তিন নেতার একসঙ্গে বৈঠকে বসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক সংঘাতের সমাধানে তিন দেশের অভিন্ন স্বার্থ ও দায়িত্ব রয়েছে। বুধবার সি চিনপিংয়ের সঙ্গে এবং বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
পুতিন বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধসহ বর্তমান সময়ের বিভিন্ন হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে। তাঁর বিশ্বাস, তিন দেশের জনগণ বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও তা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

