৩১ লাখ টাকার কষ্টিপাথরের প্রত্নসম্পদ উদ্ধার করল বিজিবি

দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩১ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা সিজার মূল্যমানের তিনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে রয়েছে কষ্টিপাথরের মূর্তি ও দুটি মূর্তির খণ্ডাংশ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তিনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়।
উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের দেবদেবীর সারিবদ্ধ একটি কষ্টিপাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের দুর্গামূর্তির একটি খণ্ডাংশ।

