ভোলা-চরফ্যাশন: সড়কে গাড়ি আটকে চাঁদাবাজি

চাঁদা আদায়কারীরা বলছেন, পৌরসভার নির্ধারিত ইজারাদারদের নিয়োগ করা শ্রমিক হিসেবে তাঁরা শুধু পৌরসভার নির্ধারিত স্থান থেকে পৌরসভার টোল আদায় করছেন।
অপর দিকে বোরহানউদ্দিন পৌরসভা কর্তৃপক্ষ বলছে, তারা টোল আদায়ের জন্য কাউকে ইজারাদার নিয়োগ দেয়নি। টোল আদায়ের জন্য পৌরসভা থেকে চারজন শ্রমিক নিযুক্ত করেছে।
জানা গেছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে পৌরসভার উত্তর বাসস্ট্যান্ড, দক্ষিণ বাসস্ট্যান্ড, দেউলা-মজম ও রানীগঞ্জ এলাকাসহ পাঁচ স্থানে খাস আদায় করছে পৌরসভা কর্তৃপক্ষ।
বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে চলাচল করা অটোরিকশার চালকেরা জানান, সড়কটিতে অবৈধভাবে প্রতিটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পোসহ বিভিন্ন ধরনের তিন চাকার যানবাহন থেকে ৩০ টাকা এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে ২৫ টাকা করে চাঁদা আদায় করা হয়। প্রতিদিন পাঁচ শতাধিক যানবাহন থেকে এভাবে চাঁদা তোলা হয়।
স্থানীয় অটোরিকশাচালক মো. মহিউদ্দিন বলেন, ‘উত্তর বাসস্ট্যান্ডে প্রতিদিন ২০ টাকা করে চাঁদার টাকা দিতে হয়। এই টাকা তাঁরা আমাদের থেকে জুলুম করে আদায় করছেন।’
উদয়পুর রাস্তার মাথা এলাকার বাসিন্দা অটোরিকশাচালক মো. বশির বলেন, ‘উত্তর বাসস্ট্যান্ড ছাড়াও দক্ষিণ বাসস্ট্যান্ড, উপজেলা সড়কের খেয়াঘাট এলাকা, রানীগঞ্জ বাজার, জয়া বাজার এলাকাসহ প্রায় পাঁচ স্পটে চাঁদা তোলা হয়। সারা বছরই এই চাঁদা চলে। এ বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।’
চাঁদা আদায়কারীদের একজন মো. জুয়েল বলেন, ‘পৌরসভার নির্ধারিত ইজারাদারদের নিয়োগ করা শ্রমিক হিসেবে আমরা শুধু পৌরসভার নির্ধারিত ইজারা দেওয়া স্থান থেকে পৌর টোল আদায় করছি। এতে আমরা শুধু প্রতি রসিদে মাত্র ছয় টাকা পাচ্ছি। আমরা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক থেকে টাকা তুলছি না।’
বোরহানউদ্দিন পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার সাহা বলেন, ‘টোল আদায়ের জন্য পৌরসভা থেকে কাউকে ইজারাদার নিয়োগ দেওয়া হয়নি। টোল আদায়ের জন্য পৌরসভা থেকে চারজন শ্রমিক নিযুক্ত করা হয়েছে। আদায় করা ওই টাকা আমরা প্রতি মাসে পৌরসভার ফান্ডে (তহবিলে) জমা দিই।’

