পঞ্চগড় ডিসি কার্যালয় চত্বরে উদ্ধার বোমাটি ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়, মিলল ৮ দফার স্মারকলিপি

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার তৌহিদ বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে জানতে পারি, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে একটি চেয়ারের ওপর লাল রঙের বোমাসদৃশ বস্তু রেখে গেছে কেউ। খবর পাওয়ার পরপরই আমরা এসআরবির একটি টহল দল সেখানে পাঠাই। পরে বোমা ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। প্রশিক্ষিত দলটি দক্ষতার সঙ্গে বস্তুটি উদ্ধার করে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। এটি স্থানীয়ভাবে তৈরি এক ধরনের আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)।’
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান জুলকারনাইন কবির স্টিভ বলেন, ‘প্রথমে বস্তুটি বোমা কি না, সে বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম না। বোমা স্কোয়াডের সদস্যরা আসার পর নিশ্চিত হই যে এটি বোমা। আর যে চিঠির কথা বলছেন, নিরাপত্তার স্বার্থে আপাতত সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এতে গোপনীয় কিছু বিষয় রয়েছে, যা এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।’

