বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনামকাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলের
বিজ্ঞাপন

কুবি শিক্ষার্থীর মৃত্যু: পাঁচ দিনেও গ্রেপ্তার হয়নি বাকি ৬ আসামি

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম
কুবি শিক্ষার্থীর মৃত্যু: পাঁচ দিনেও গ্রেপ্তার হয়নি বাকি ৬ আসামি

তিনি আরও বলেন, ঘটনার দিন বিকেলে হঠাৎ মেয়ের ভগ্নিপতি আমার ছেলের কাছে ফোন করে আগের মামলার বিষয়ে জানতে চান। গত তিন বছরের মধ্যে তিনি কখনো আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। তাহলে হঠাৎ সেদিন কেন মামলার বিষয়ে জানতে ফোন করলেন? বিষয়টি আমাদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা যাদের নামে মামলা করেছি, তাদের মধ্যে এখনো ছয়জনকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পাঁচ দিন পার হলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আমরা হতাশ। পুলিশের ভূমিকা নিয়েও আমাদের মনে প্রশ্ন রয়েছে। আমি একজন মা হিসেবে মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আমার দাবি, দোষীদের মধ্যে দুই থেকে তিনজনের ফাঁসি হোক।

ফারজানার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে আসামিদের গ্রেপ্তার না হওয়া, তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট তথ্য না পাওয়ার বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা।

নিহতের বড় ভাই আরিফুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমরা শুরু থেকেই হত্যা মামলা করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের আত্মহত্যায় প্ররোচনার মামলা করতে বলে। তাদের পক্ষ থেকে জানানো হয়, ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার প্রমাণ পাওয়া গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। তবে মামলা করার সময়ও আমাদের নানা ধরনের অসহযোগিতার মুখে পড়তে হয়েছে।

তিনি আরও বলেন, মামলায় সাতজনকে আসামি করা হলেও এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ছয় আসামিকে গ্রেপ্তারের বিষয়ে তদন্ত কর্মকর্তার সঙ্গে বারবার যোগাযোগ করেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছি না। এমনকি ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদনের কপিও কয়েক দিন ধরে চেয়েও পাওয়া যাচ্ছে না। এতে তদন্তের অগ্রগতি নিয়ে আমরা হতাশ।

যৌতুক ও নির্যাতনের অভিযোগ এজাহারে

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বরে পারিবারিক সম্মতিতে সাত লাখ টাকা দেনমোহরে নাজমুল আলমের সঙ্গে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর তারা কুমিল্লা শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রায় দেড় বছর আগে নাজমুল মুন্সিগঞ্জের একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে সেখানে বাসা ভাড়া নেন। অন্যদিকে ফারজানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে তিনি তার স্বামীর কাছে যেতেন।

এজাহারে বাবা রফিকুল ইসলাম অভিযোগ করেন, মেয়ের স্বামীকে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহযোগিতা করেছেন তিনি। এরপরও তার পরিবার (আসামিরা) ফারজানার কাছে যৌতুক দাবি করে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এসব বিষয়ে ফারজানা তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর আগে বিরোধের জেরে ফারজানা ব্রাহ্মণবাড়িয়ার আদালতে একটি সিআর মামলা করেছিলেন। পরে দুই পক্ষের পরিবারের সমঝোতার মাধ্যমে বিরোধ মিটিয়ে তারা আবার পুনরায় সংসার শুরু করেন।

এজাহার অনুযায়ী, প্রায় দুই মাস আগে নাজমুল এসিআই ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ পদে চাকরি পেয়ে ফতুল্লার ভূইগড় এলাকায় বাসা ভাড়া নেন। পরে গত ২০ অক্টোবর ফারজানা তার স্বামীর ওই নতুন বাসায় যান।

বাদীর অভিযোগ, ঘটনার দিন বিকেলে ফারজানার স্বামীর বোনজামাই তার ছেলেকে ফোন করে আগের মামলা সম্পর্কে জানতে চান। পরে রাত ৯টার দিকে তিনি রফিকুল ইসলামকে ফোন করে জানান, ফারজানা শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় আগের মামলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি এবং ফারজানাকে মরে যেতে বলার বিষয়টি জানতে পারেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের বক্তব্য

মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তার না হওয়া নিয়ে পরিবারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে বলেন, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত চলছে। এ ঘটনায় মূল আসামি স্বামী নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের মধ্যে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও গ্রেপ্তার করা হবে। তবে মামলা নাম থাকলেই সবাই ঘটনার সঙ্গে জড়িত এমনটি নয়। প্রাথমিক তদন্তে যাঁদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার আরও বলেন, মামলার তদন্তের ক্ষেত্রে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ। প্রতিবেদন পাওয়ার পর তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এটি হত্যা মামলা হবে কি না, তা-ও ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে।

আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে তারেক আল মেহেদী বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। তবে অনেক সময় আসামিরা এলাকায় থাকেন না। তাদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে অভিযান চালানো হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এমন কোনো অভিযোগ থাকলে পুলিশকে জানাতে পারেন। রিমান্ডের বিষয়ে তিনি বলেন, রিমান্ড মঞ্জুর করা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। পুলিশ আবেদন করলেই আদালত রিমান্ড মঞ্জুর করেন না।

তবে এসব বিষয়ে বক্তব্য জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে প্রতিবেদনটি লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এর ২৪ অক্টোবর রাত ১১টার দিকে ফতুল্লার ভূইগড় কবরস্থান রোডে দেলোয়ারের বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় শয়নকক্ষের বিছানার ওপর একটি চিরকুট পাওয়া যায়। সেখানে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করার কথা লেখা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার (২৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই ঘটনায় ফারজানার স্বামী নাজমুল আলমকে রাতেই ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মামলায় নাজমুল আলম ছাড়াও আব্দুর রহিম (৫০), আফরোজা বেগম (৪৫), সায়মা আক্তার (২৫), রাসেল (৪২), সাইফুল আলম (৩৬) ও রোকেয়া বেগমকে (৬৮) আসামি করা হয়েছে। তাদের মধ্যে আফরোজা নিহতের স্বামীর বোন, সায়মা স্বামীর ভাইয়ের স্ত্রী, রাসেল স্বামীর ভাই এবং রোকেয়া তার শাশুড়ি।

ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও বাকি ছয় আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবার হতাশ ও উদ্বিগ্ন। তাদের দাবি, মামলার তদন্তে গাফিলতি না করে সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ফারজানার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে চিরকুট, ময়নাতদন্তের প্রতিবেদনসহ ঘটনার প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তারা। পরিবারের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...