শঙ্কায় ইনফান্তিনো, সভাপতি নির্বাচনে কাকে সমর্থন দিল ইউরোপ

নয়েনডর্ফের মতে, ‘আমরা ফুটবলে ইতিবাচক পরিবর্তন চাই। এমন একটি ফিফা চাই, যা খেলাটির স্বার্থে কাজ করবে এবং সব সদস্য অ্যাসোসিয়েশনের স্বার্থ রক্ষা করবে।’
ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ রয়েছে ফুটবল অঙ্গনে। গত জুলাইয়ে বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার স্বত্ব ব্যবস্থাপনায় বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করে নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নিয়েছিলেন তিনি। পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাস্তবায়িত না হলেও এ নিয়ে সমালোচনা চালু রয়েছে। পদত্যাগের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে বিশ্বের সদস্য ফেডারেশনগুলোর কাছ থেকে ব্যাপক সমর্থন পাওয়ার দাবি করে আসছেন ইনফান্তিনো।
ইনফান্তিনোর নেতৃত্বে পরিবর্তনের দাবি শুধু প্রশাসনিক পর্যায়েই সীমাবদ্ধ নেই, একই সুরে কথা বলেছেন সাবেক ফুটবলাররা। ফ্রান্সের সাবেক ফুটবলার জেরোমে রোথেন মনে করেন, শীর্ষ তারকা খেলোয়াড়েরা ঐক্যবদ্ধ হলে ফিফায় পরিবর্তনের আন্দোলন আরও জোরালো হতে পারে।
আরএমসির এক অনুষ্ঠানে ‘রোথেন সঁ ফ্লাম’-এ তিনি বলেন, ‘ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করা সহজ নয়। তবে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্বকারী অনেক তারকা খেলোয়াড় রয়েছেন। এই আন্দোলন তাঁদের থেকেই শুরু হওয়া উচিত। ফুটবল ফুটবলারদেরই সম্পত্তি। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মতো খেলোয়াড়েরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেন, তাহলে পরিস্থিতি বদলাতে পারে।’
এরই মধ্যে আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী হিসেবে ফিলিপ ডিয়ালো ও জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কোজো তাশিমার নাম নিশ্চিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা রয়েছে সুইজারল্যান্ডের সাবেক ডিফেন্ডার র্যামন ভেগারও।
এতে আগামী মার্চের নির্বাচন ঘিরে ফিফার নেতৃত্বে পরিবর্তনের দাবি ও ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সমীকরণ নতুন মাত্রা পেয়েছে। তবে বিশ্বজুড়ে সদস্য ফেডারেশনগুলোর সমর্থন ধরে রাখার দাবি রয়েছে বর্তমান সভাপতির পক্ষেও।

