শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা

সারা দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে এ কার্যক্রম পরিচালনা করবে।
রোববার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামেই সই করা এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে মাউশি জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক শিক্ষা ও সংস্কৃতি নিয়ে চিত্রাঙ্কন প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেছে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য চিত্রাঙ্কন এবং তাদের সুপ্তপ্রতিভা বিকাশে এ এক্সিবিশন সহশিক্ষা কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে আর্ট এক্সিবিশন কার্যক্রম বাস্তবায়নে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডকে নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে। তবে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি শর্তও দেওয়া হয়েছে। বলা হয়েছে, আয়োজিত কার্যক্রমের জেলাভিত্তিক প্রতিবেদন ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে প্রতি তিন মাস পরপর মাউশির শারীরিক শিক্ষা বিভাগে দাখিল করতে হবে।
চিঠির সঙ্গে আর্টপেপারের চাহিদাপত্র ও বর্ণিত কার্যক্রমের নিয়মাবলি সংযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

