শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করা হচ্ছে মুসলিমদের: মার্কিন কমিশনরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, সর্বোচ্চ মিরপুরেগাংনী সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থহামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’চুয়াডাঙ্গা সদরের ৮ ইউনিয়নে ভোটের হাওয়া: মাঠে নামছেন প্রার্থীরা, চলছে নানা সমীকরণগজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিকনিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’
বিজ্ঞাপন

প্রয়াণের পর প্রথম জন্মদিন, স্মৃতিতে কারিনা কায়সার

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
প্রয়াণের পর প্রথম জন্মদিন, স্মৃতিতে কারিনা কায়সার

আজ ১১ নভেম্বর। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে জন্ম নেওয়া কারিনা বেঁচে থাকলে আজ ৩৩ বছরে পা দিতেন। তবে গত মে মাসে তার অকালপ্রয়াণের পর এটাই প্রথম জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও বিনোদন অঙ্গনের সহকর্মীরা।

বাংলাদেশের পরিচিত একটি ক্রীড়া পরিবারে জন্ম কারিনার। তার বাবা সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ, মা লোপা কায়সার। দাদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু রানী হামিদ। এমন পরিচিত পারিবারিক আবহে বেড়ে উঠলেও নিজের কাজের মধ্য দিয়েই আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন কারিনা।

২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনঘনিষ্ঠ ও হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে আলোচনায় আসেন তিনি। অল্প সময়ের মধ্যেই তার সাবলীল উপস্থাপন, অভিনয়শৈলী ও নিজস্ব রসবোধের কারণে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। একপর্যায়ে কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি যুক্ত হন অভিনয় ও চিত্রনাট্য রচনায়।

২০২৩ সালে ‘ইন্টার্নশিপ’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে মূলধারার দর্শকদের নজরে আসেন কারিনা। এরপর ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘৩৬-২৪-৩৬’ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেন। সিনেমাটিতে তার কাজ প্রশংসিত হয়। এর স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা নবাগত বিভাগে মনোনয়ন পান তিনি।

ক্যারিয়ারের সম্ভাবনাময় সময়ে গত ১৬ মে মৃত্যুবরণ করেন কারিনা কায়সার। হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হওয়ার পর যকৃৎ বিকল হওয়ার জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোক প্রকাশ করেন সহকর্মী ও ভক্তরা। অনেকের কাছেই কারিনা ছিলেন কেবল একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নন, বরং অভিনয় ও লেখালেখিতে নতুন কিছু করার স্বপ্ন দেখা এক তরুণ প্রতিভা।

প্রয়াণের পর প্রথম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ঘুরে বেড়াচ্ছে তার পুরোনো ভিডিও, অভিনয়ের দৃশ্য ও বিভিন্ন কাজের অংশবিশেষ। স্মৃতিচারণে ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও তুলে ধরছেন তার প্রাণবন্ত উপস্থিতি, সহজাত অভিনয় এবং সৃজনশীলতার কথা। পর্দায় তার পথচলা থেমে গেলেও কাজের মধ্য দিয়ে দর্শকের মনে থেকে যাবেন কারিনা কায়সার।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...