‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’

ভেরন বলেন, ‘যদি সে এখনকার মতো পেশাদার আচরণ চালিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যৎ তারই।’
পাসের মাঠের ব্যক্তিত্ব ও স্বাভাবিক ফুটবলীয় দক্ষতাই সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ভেরনকে। প্রতিপক্ষের কঠোর মার্কিংয়ের মধ্যেও সতীর্থরা তাঁকে বল দেন। কারণ, সতীর্থরা বিশ্বাস করেন কঠিন পরিস্থিতিতে ড্রিবলিং করে বেরিয়ে আসার সামর্থ্য রয়েছে পাসের। মাঠে তাঁর উপস্থিতি, জায়গা বুঝে চলাফেরা ও খেলা পরিচালনার দক্ষতাও পাসকে আলাদা করেছে।
নিজের খেলোয়াড়ি জীবনের সঙ্গে পাসের তুলনা টেনে ভেরন বলেন, ‘আমি স্বীকার করছি, নিকো পাজ যেন ২০ মিটার এগিয়ে থাকা ভেরন। শট নেওয়া, গোল করা, অ্যাসিস্ট কিংবা থ্রু বল বাড়ানোর ক্ষেত্রে সে স্বাধীন।’
তরুণ ফুটবলারদের ঘিরে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করার বিষয়েও সতর্ক করেছেন ভেরন। এ ক্ষেত্রে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির অবস্থানের সঙ্গে একমত তিনি। ম্যারাডোনা কিংবা তারও আগে ওমার সিভোরির সঙ্গে তুলনা করতে গিয়ে আর্জেন্টিনার অনেক প্রতিভাবান প্লে-মেকার চাপের মুখে নিজেদের সম্ভাবনা হারিয়েছেন বলে মনে করেন সাবেক এই ফুটবলার, ‘তাদের শান্ত থাকতে দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কিছুটা ভাগ্যেরও প্রয়োজন।’
আর্জেন্টিনার আরেক তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে নিয়েও কথা বলেছেন ভেরন। তার ড্রিবলিং, গতি ও কারিগরি দক্ষতার প্রশংসা করলেও পাসের তুলনায় তাঁকে বিকাশের অপেক্ষায় থাকা ফুটবলার হিসেবে দেখছেন। ফিওরেন্তিনায় মাস্তানতুয়োনোর নিয়মিত খেলার সুযোগ তার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মনে করেন তিনি।
‘তার অসাধারণ কিছু গুণ আছে। সে সহজেই ড্রিবল করতে পারে, দ্রুতগতির এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার দারুণ গতি আছে। তবে নিকো পাজের তুলনায় সে এখনো কিছুটা কম পরিণত। এটা স্বাভাবিক, কারণ তার জন্ম ২০০৭ সালে, পাজের চেয়ে সে তিন বছরের ছোট।’

