যুক্তরাষ্ট্রে ৫ হাজারের বেশি হামের রোগী শনাক্ত, ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ

মৃত্যুর সংখ্যা নিয়ে বিতর্ক
সিডিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে হামজনিত কারণে যুক্তরাষ্ট্রে চারজনের মৃত্যু হয়েছে। তবে সংস্থাটির প্রকাশিত জাতীয় মৃত্যুর সংখ্যা বিভিন্ন অঙ্গরাজ্যের কর্মকর্তাদের দেওয়া হিসাবের চেয়ে কম। বিশেষ করে প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের হিসাবের সঙ্গে সিডিসির তথ্যের পার্থক্য রয়েছে।
পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে সেখানে হামে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৭ জন।
হামে মৃত্যুর ঘটনা কীভাবে শ্রেণিবদ্ধ করা হবে, তা নিয়ে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের মধ্যে বিরোধের কেন্দ্রে রয়েছে কেন্দ্রীয় সরকারের এই হিসাব।
পেনসিলভানিয়ার নিয়ম অনুযায়ী, কারও শরীরে হাম নিশ্চিত হওয়ার পর উপসর্গ দেখা দেওয়ার ৩০ দিনের মধ্যে তাঁর মৃত্যু হলে সেটিকে ‘হাম-সংশ্লিষ্ট মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করা হয়। তবে মৃত্যুর কারণ যদি হাম থেকে সম্পূর্ণ আলাদা কোনো ঘটনা হয়, সে ক্ষেত্রে তা এ হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না।
গত আগস্টে পেনসিলভানিয়া জানায়, টিকা না নেওয়া দুজনের হামজনিত কারণে মৃত্যু হয়েছে। সিডিসি প্রথমে ওই মৃত্যুর ঘটনাগুলো জাতীয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু টিকাবিরোধী মনোভাবের জন্য পরিচিত কেনেডি প্রশ্ন তোলার পর সংস্থাটি পরে সেগুলো হিসাব থেকে বাদ দেয়। কেনেডির প্রশ্ন ছিল, হাম ওই দুজনের মৃত্যুর কারণ ছিল কি না কিংবা মৃত্যুর পেছনে রোগটির কোনো ভূমিকা ছিল কি না।

