বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুনআজকের নামাজের সময়সূচি: ১৯ নভেম্বর ২০২৬নিষিদ্ধ দলের কর্মসূচি: সহিংসতা মোকাবিলায় সতর্কতা বাড়াল পুলিশ
বিজ্ঞাপন

এআই দিয়ে সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সার্টের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
এআই দিয়ে সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সার্টের সতর্কতা

যেভাবে ব্যাংকের তথ্য চুরি করতে পারে হামলাকারীরা

সতর্কবার্তায় বর্ণিত হামলার ধরন অনুযায়ী, প্রথমে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা অনলাইন সেবার নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করে হামলাকারীরা। এরপর সেই দুর্বলতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের সার্ভারে প্রবেশ করে।

প্রবেশের পর তারা সার্ভারে সংরক্ষিত পাসওয়ার্ড, অ্যাকাউন্টের তথ্য, গোপন কোড ও অন্যান্য প্রবেশসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারে। এসব তথ্য ব্যবহার করে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্ক, ডেটাবেজ ও ক্লাউড ব্যবস্থায় প্রবেশের চেষ্টা করে।

একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হলো, কোনো প্রতিষ্ঠানের তুলনামূলক সাধারণ একটি অ্যাপ্লিকেশন আক্রান্ত হলেও সেখান থেকে ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্যভান্ডারে পৌঁছানোর পথ তৈরি হতে পারে। যেমন, গ্রাহকের তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারলে সেটির সঙ্গে যুক্ত ডেটাবেজেও হামলাকারীরা প্রবেশের চেষ্টা করতে পারে।

একইভাবে ক্লাউডে রাখা তথ্য, অনলাইন লেনদেনের রেকর্ড, গ্রাহকের ব্যক্তিগত তথ্য এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নথিও ঝুঁকিতে পড়তে পারে। সতর্কবার্তায় Microsoft Azure, Amazon Web Services (AWS) এবং হাইব্রিড ক্লাউড ব্যবস্থার নিরাপত্তার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এসব ব্যবস্থায় সংরক্ষিত তথ্য ও সেবা ব্যবহারের অনুমতি যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না হলে চুরি করা পরিচয় বা প্রবেশসংক্রান্ত তথ্য ব্যবহার করে হামলাকারীরা সেখানে ঢুকতে পারে।

বাংলাদেশের ব্যাংক ও এমএফএস খাতের জন্য ঝুঁকি

বাংলাদেশের আর্থিক খাতের জন্যও এসব হামলার কৌশল প্রাসঙ্গিক বলে সতর্কবার্তায় উল্লেখ করেছে বিজিডি ই-গভ সার্ট। কারণ, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অনলাইন অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ, বিভিন্ন ধরনের এপিআই, ডেটাবেজ, ক্লাউড প্ল্যাটফর্ম এবং তৃতীয় পক্ষের প্রযুক্তিসেবার ওপর নির্ভরশীল।

বিশেষ করে মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, অর্থ স্থানান্তর ও অনলাইন লেনদেনের সঙ্গে যুক্ত বিভিন্ন সিস্টেম পরস্পরের সঙ্গে সংযুক্ত। ফলে এসব ব্যবস্থার যেকোনো একটির নিরাপত্তায় দুর্বলতা থাকলে তা অন্য ব্যবস্থার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

এ কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শুধু ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না। গ্রাহকের তথ্য সংরক্ষণের ডেটাবেজ, কর্মীদের অ্যাকাউন্ট, ক্লাউডে প্রবেশের অনুমতি, সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান এবং তৃতীয় পক্ষের প্রযুক্তিসেবার নিরাপত্তাও পরীক্ষা করতে হবে।

তবে সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে, আন্তর্জাতিক এসব ঘটনার সঙ্গে বাংলাদেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে—এমন তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। এটি বাংলাদেশের আর্থিক খাতের জন্য সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম সতর্কবার্তা।

লেনদেন জালিয়াতি ঠেকাতে বিশেষ সতর্কতা

সাইবার হামলার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশের পাশাপাশি আর্থিক লেনদেনের ব্যবস্থাও অপব্যবহারের চেষ্টা হতে পারে। এ জন্য ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে লেনদেন অনুমোদনের প্রক্রিয়া আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছে বিজিডি ই-গভ সার্ট।

সতর্কবার্তায় বলা হয়েছে, নতুন যুক্ত হওয়া কোনো সুবিধাভোগীর হিসাবে প্রথমে ছোট অঙ্কের লেনদেন করে পরে বড় অঙ্কের অর্থ স্থানান্তরের চেষ্টা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে হবে। একইভাবে অল্প অঙ্কের একাধিক লেনদেনের মাধ্যমে অর্থ সরিয়ে নেওয়ার চেষ্টা শনাক্ত করতে হবে।

নতুন সুবিধাভোগী যুক্ত করার পর নির্দিষ্ট সময় অপেক্ষার ব্যবস্থা, গুরুত্বপূর্ণ লেনদেনে একাধিক ব্যক্তির অনুমোদন এবং সার্ভার পর্যায়ে লেনদেনের পরিমাণ ও সুবিধাভোগীর তথ্য যাচাই নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া একই লেনদেনের অনুরোধ পুনরায় পাঠিয়ে অর্থ স্থানান্তরের সুযোগ বন্ধ করতে বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। শুধু নির্দিষ্ট আইপি ঠিকানা থেকে লেনদেনের অনুরোধ আসছে কি না, তা যাচাই করে নিরাপত্তা নিশ্চিত করা যথেষ্ট নয় বলেও সতর্ক করেছে সংস্থাটি।

নিরাপত্তা জোরদারে যেসব পদক্ষেপের সুপারিশ

সাইবার হামলার ঝুঁকি কমাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেটে উন্মুক্ত সব অ্যাপ্লিকেশন ও এপিআই পরীক্ষা করার পরামর্শ দিয়েছে সার্ট। যেসব সেবা প্রয়োজন নেই, সেগুলোর অনলাইন প্রবেশাধিকার বন্ধ করতে হবে। পাশাপাশি সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনের নিরাপত্তাগত ত্রুটি নিয়মিত সংশোধন করতে হবে।

প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ও সিস্টেমে প্রবেশের ক্ষেত্রে একাধিক স্তরের পরিচয় যাচাই বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু করার সুপারিশ করা হয়েছে। এতে শুধু পাসওয়ার্ড জানলেই কোনো ব্যক্তি সংশ্লিষ্ট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না; অতিরিক্ত পরিচয় যাচাইয়ের প্রয়োজন হবে।

ক্লাউডে সংরক্ষিত তথ্যের প্রবেশাধিকার সীমিত রাখা, ডেটাবেজকে সাধারণ ইন্টারনেট থেকে আলাদা রাখা এবং কর্মীদের প্রয়োজনের অতিরিক্ত প্রবেশাধিকার না দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সার্বক্ষণিক নিরাপত্তা পর্যবেক্ষণব্যবস্থা চালু রাখতে হবে। বিশেষ করে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনেও নিরাপত্তা পর্যবেক্ষণ নিশ্চিত করার সুপারিশ করেছে বিজিডি ই-গভ সার্ট। কারণ, এসব সময়ে নিরাপত্তা পর্যবেক্ষণে ঘাটতি থাকলে হামলা শনাক্ত করতে বিলম্ব হতে পারে।

কোনো সিস্টেমে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হলে প্রথমে আক্রান্ত কম্পিউটার বা সার্ভারকে অন্য সিস্টেম থেকে বিচ্ছিন্ন করতে হবে। এরপর লগ ও অন্যান্য ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করে হামলার প্রবেশপথ, চুরি হওয়া তথ্য এবং আক্রান্ত অ্যাকাউন্ট শনাক্ত করতে হবে। সন্দেহজনক প্রবেশাধিকার বাতিল, পাসওয়ার্ড ও গোপন কোড পরিবর্তন এবং ক্ষতিকর সফটওয়্যার অপসারণের পর নিরাপদ ব্যাকআপ থেকে সিস্টেম পুনরুদ্ধার করতে হবে।

সতর্কবার্তায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি প্রযুক্তিসেবা সরবরাহকারী, পেমেন্ট গেটওয়ে, ক্লাউড সেবাদাতা এবং সফটওয়্যার বিক্রেতাদের নিরাপত্তাও পর্যালোচনার তাগিদ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মূল আর্থিক ব্যবস্থায় বিশেষ প্রবেশাধিকার থাকার কারণে তাদের নিরাপত্তার দুর্বলতাও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

বিজিডি ই-গভ সার্ট বলেছে, শুধু সন্দেহজনক আইপি ঠিকানা বা ওয়েবসাইট ব্লক করে এ ধরনের হামলা ঠেকানো সম্ভব নয়। বরং প্রতিষ্ঠানের সব সংযুক্ত সিস্টেমে নিয়মিত নজরদারি, অ্যাপ্লিকেশনের নিরাপত্তা, পরিচয় যাচাই, আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ এবং দ্রুত সাইবার হামলা মোকাবিলার সক্ষমতা গড়ে তুলতে হবে।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...