শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মহেশপুরে জমি নিয়ে বিরোধ: বাবার লাশ দাফনে প্রতিবন্ধী ছেলে ও তিন মেয়ের বাধাইরানে হামলা ‘অনিবার্য’ বলছেন নেতানিয়াহু, ট্রাম্পের ‘অত তাড়া নেই’যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে বাল্যবিবাহ নিষিদ্ধের বিল আটকে দিল রিপাবলিকানরাধূমপানের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুনচট্টগ্রামে সাদ-মুসা গ্রুপের এমডি গ্রেপ্তার, ঋণখেলাপি প্রায় ৩ হাজার কোটি টাকাশ্রীলঙ্কাকে হারিয়ে জয়খরা কাটাল পাকিস্তানঅস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরে ঢাকা ছেড়েছেন জামায়াত আমিরইউরোপের নিরাপত্তা নিয়ে সমঝোতায় রাজি মস্কো, নিজেদের স্বার্থ বিসর্জন নয়: পুতিনটি-টেনে হেটমায়ারের তাণ্ডব, ৩৭ বলে সেঞ্চুরি‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন

জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘ মহাসচিবর জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘ মহাসচিবর জরুরি সতর্কবার্তা

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় বিশ্বনেতাদের আর সময়ক্ষেপণের সুযোগ নেই বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘এটাই সত্যের মুহূর্ত’। জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

সোমবার (৯ নভেম্বর) তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরু হওয়ার প্রাক্কালে বিশ্বনেতাদের উদ্দেশে এ বার্তা দেন গুতেরেস। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন।

চলতি বছরের শেষ দিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে তার দ্বিতীয় ও শেষ মেয়াদ শেষ হচ্ছে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের প্রতি এটিই তার শেষ বড় আন্তর্জাতিক আহ্বান।

সম্প্রতি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গুতেরেস বলেন, ‘আমরা আর অপেক্ষা করতে পারি না। এমন অন্তহীন আলোচনা আর চলতে পারে না, যেখানে প্রত্যেকে দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। সবাইকে আরও বেশি করতে হবে, এবং তা এখনই করতে হবে।’

গত এক দশকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরতে বারবার সতর্ক করেছেন গুতেরেস। ২০২৩ সালে তিনি বলেছিলেন, বিশ্ব এখন ‘বৈশ্বিক উষ্ণায়ন’ থেকে ‘বৈশ্বিক স্ফুটন’-এর যুগে প্রবেশ করেছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে তাপমাত্রা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

১.৫ ডিগ্রি তাপমাত্রার লক্ষ্য নিয়ে হতাশা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজের জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন গুতেরেস।

তিনি জানান, গত বছর জলবায়ু বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার আগে বিজ্ঞানীদের সঙ্গে পরামর্শ করেছিলেন। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির মূল লক্ষ্য; প্রাক্‌-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা, এখনও অর্জন সম্ভব বলে তিনি বলতে চেয়েছিলেন।

কিন্তু বিজ্ঞানীরা তাকে জানান, সেই দাবি আর বাস্তবসম্মত নয়। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে ইতোমধ্যে বিপুল কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে জমা হয়েছে।

গুতেরেস বলেন, ‘এটি আমার জন্য ছিল বিশাল এক ধাক্কা।’

তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন লক্ষ্য হচ্ছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করলেও তা যতটা সম্ভব কম রাখা।

তবে এই ব্যর্থতার জন্য তিনি বিশ্ববাসীকে দায়ী করেননি। তার মতে, ব্যর্থ হয়েছে রাজনৈতিক নেতৃত্ব।

গুতেরেস বলেন, পৃথিবীকে রক্ষা করতে দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রয়োজন। কিন্তু অনেক দেশের রাজনৈতিক ব্যবস্থায় সেই পরিকল্পনার অভাব রয়েছে। ঘনঘন নীতি পরিবর্তনের কারণে প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানিতে আশার আলো

পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯০-এর দশকের শেষ দিকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে গুতেরেস বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

বায়ু ও সৌরবিদ্যুতের বৈশ্বিক সম্প্রসারণও তাকে আশাবাদী করছে। জীবাশ্ম জ্বালানির তুলনায় এসব নবায়নযোগ্য জ্বালানি ক্রমেই সাশ্রয়ী বিকল্প হয়ে উঠছে।

তবে ইউক্রেন ও ইরানের যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারসহ একাধিক বৈশ্বিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।

গুতেরেস বলেন, এআই ব্যবস্থার জন্য বিপুল বিদ্যুৎ ও পানির প্রয়োজন হচ্ছে, পাশাপাশি এর কার্বন নিঃসরণও উদ্বেগের বিষয়।

তার মতে, যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে যে সংকট তৈরি হচ্ছে, তা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতার নিরাপত্তাঝুঁকিও সামনে নিয়ে এসেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...