মালিকানা নিয়ে নিউ গিনি প্রোপার্টিজে ফের হট্টগোল-মারামারি

জমির মালিকানা নিয়ে ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রোপার্টিজে ফের হট্টগোল-মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে ২ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক মো. আল আমিন।
আল আমিন বলেন, ‘নিউ গিনি প্রোপার্টিজে ফের হট্টগোল হয়েছে। এক পক্ষ বলছে জমির মালিকানা আমাদের, আরেকপক্ষ বলছে তাদের। এ নিয়ে তাদের মধ্যে মারামারিও হয়েছে। এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক।’ রয়েছে।
সন্ধ্যা ৬টার দিকে ক্যান্টনমেন্ট থানার এসআই শিল্পী বলেন, ‘১২-১৩ জনকে ধরে থানায় আনা হয়েছে। তাদের নাম-ঠিকানা এখনো লেখা হয়নি। মাত্রই তাদেরকে নিয়ে আসা হয়েছে, এখনো তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশের তথ্যমতে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে একজন নিউ গিনি প্রোপার্টিজে আবার হামলার অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

