৩ বছরে ১১ লাখ ৪০ হাজার পিআর দেবে কানাডা

কানাডার ফেডারেল সরকার আগামী তিন বছরে মোট ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা (পারমানেন্ট রেসিডেন্ট বা পিআর) গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর ৩ লাখ ৮০ হাজার করে নতুন অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) প্রকাশিত ইমিগ্রেশন লেভেলস প্ল্যান ২০২৭-২০২৯-এ এই লক্ষ্যমাত্রার কথা জানানো হয়। পরিকল্পনায় অর্থনৈতিক অভিবাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দক্ষ কর্মী, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি) এবং অন্যান্য অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে অধিকাংশ নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার। পাশাপাশি পরিবার পুনর্মিলন, শরণার্থী গ্রহণ এবং মানবিক বিবেচনায় অভিবাসনের সুযোগও অব্যাহত থাকবে।
নতুন পরিকল্পনায় ফরাসিভাষী অভিবাসীদের জন্যও বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কুইবেক প্রদেশের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দার হার ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

