এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে সেই বিচারকের মামলার আবেদন

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ ৭ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে এক বিচারকের করা মানহানির মামলার আবেদন গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ (বর্তমানে আইন ও বিচার বিভাগে সংযুক্ত) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি তদন্ত করতে ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিচারকের (বাদী) মৃত শ্বশুর ও সৎ চাচা শ্বশুরের ভেতরে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে চ্যানেল ২৪ ভুয়া নিউজ করে। এ নিউজের ওপর ভিত্তি করে নাকি সাসপেন্ড করা হয়। এর আগে এ ঘটনায় তাদের ক্ষমা চেতে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম। কিন্তু তারা ক্ষমা না চাওয়ায় আজ মামলাটি করি। পরবর্তীতে ক্ষতিপূরণ চেয়েও মামলা করতে পারি।’
মামলার আসামিরা হলেন, চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ, ‘সার্চলাইট’ প্রোগ্রামের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং নিউজ রিপোর্টার জাহিদ হোসেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ ও রাত ৯টার অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ : বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শীর্ষক একটি প্রতিবেদন প্রচার করা হয়।

