বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ঢাকার বস্তিকে দিল্লি হিসেবে চীনা ভ্লগারদের লাইভ, ‘দুর্ভাগ্যজনক’ বলল ভারত

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
ঢাকার বস্তিকে দিল্লি হিসেবে চীনা ভ্লগারদের লাইভ, ‘দুর্ভাগ্যজনক’ বলল ভারত

বাংলাদেশের রাজধানী ঢাকার বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে উপস্থাপনের অভিযোগে চীনা নাগরিকদের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এ ধরনের কর্মকাণ্ডকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকার প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, এদিন দ্বি-সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘আমরা এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। আমি বলব, যে কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক।’

ঢাকার বিভিন্ন এলাকাকে নয়াদিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশি (চীনা) নাগরিকদের নিয়োগের বিষয়ে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অপতথ্য ছড়ানোর চেষ্টা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে।

রণধীর জয়সওয়াল বলেন, ‘ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপনের জন্য বিদেশি ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে মিথ্যা বয়ান ছড়ানোর চেষ্টা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি এবং ভিডিও ধারণকারীদের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন করে।’

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোতে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর এই প্রতিক্রিয়া জানালেন রণধীর জয়সওয়াল। ওই প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার দরিদ্র এলাকা অর্থাৎ বস্তিগুলোর ভিডিও ধারণ করে সেগুলোকে নয়াদিল্লির দৃশ্য হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, চীনা ব্লগাররা টেকপাড়া ও উত্তরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ভিডিও ধারণ করছিলেন। এসব এলাকাকে তারা ভারতের রাজধানীর অংশ হিসেবে উপস্থাপন করছিলেন। পাশাপাশি সেখানকার জীবনযাত্রা ও বাসিন্দাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করছিলেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...