বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের

আদালতের নথি অনুযায়ী, গত বছরের গ্রীষ্মে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি ফৌজদারি আদালতে তিন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেলের সামনে একাধিক শুনানির মধ্য দিয়ে মামলার বিচারপ্রক্রিয়া চলে। মুথোনি জানান, আদালতে তাঁর জন্য একজন দোভাষীর ব্যবস্থা করা হলেও কোনো আইনজীবী দেওয়া হয়নি। আদালতের নথিতেও তাঁর বক্তব্যের সত্যতা পাওয়া যায়। সেখানে তাঁর পক্ষে কোনো আইনজীবী নিয়োগের প্রমাণ নেই।
সৌদি আরবে ফৌজদারি মামলায় আর্থিকভাবে অসচ্ছল আসামিদের রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, বাস্তবে অনেক ক্ষেত্রেই আইনজীবী ছাড়াই বিচারপ্রক্রিয়া চলে। এমনকি মৃত্যুদণ্ড হতে পারে, এমন কিছু মামলাতেও আসামিরা আইনজীবীর সহায়তা পান না।
বিবাহ বহির্ভূত সম্পর্কে যৌনসম্পর্ক এবং অবিবাহিত অবস্থায় গর্ভধারণের বিষয়গুলো সৌদি আরবে কার্যত একটি আইনি ধূসর অঞ্চলে রয়েছে। গত বছর দ্য নিউইয়র্ক টাইমস অনেক অবিবাহিত মায়ের সাক্ষাৎকার নিয়েছিল। তাঁদের অনেকেই জানিয়েছিলেন, সন্তান জন্ম দেওয়ার পর কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়নি তাঁদের। অন্যদের ক্ষেত্রে ব্যবস্থা না নেওয়া হলেও কেন মুথোনির বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের আগেই তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দোররা মারার সাজা প্রসঙ্গে মুথোনি বলেন, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’
সৌদি আরবের বিচারব্যবস্থার ভিত্তি ইসলামি আইন বা শরিয়াহ। দেশটিতে কোনো লিখিত দণ্ডবিধি না থাকায় বিচারকেরা নিজেদের মতো করে ইসলামি আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন। ফলে কোন আচরণ বৈধ আর কোনটি অবৈধ, তার সীমানা অনেক ক্ষেত্রে অস্পষ্ট। কয়েক বছর ধরে সরকার একটি লিখিত দণ্ডবিধি প্রণয়নের চেষ্টা চালালেও সেই উদ্যোগ কার্যত থমকে গেছে।

