পরমাণু অস্ত্র তৈরিতে জনমতের চাপ বাড়লেও এখনো পশ্চিমাদের সঙ্গে চুক্তি চায় ইরান

পারমাণবিক নীতি পরিবর্তনের চাপ
আন্তর্জাতিক নজরদারির আওতায় থাকা ইরানের পারমাণবিক কর্মসূচি একাধিক আন্তর্জাতিক চুক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে নিয়ন্ত্রিত। এনপিটি চুক্তি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের পাশাপাশি শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার নিশ্চিত করে।
চুক্তির সদস্য হিসেবে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালনা, প্রযুক্তিগত সহায়তা গ্রহণ এবং এ-সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ পায়। বিনিময়ে দেশটি পারমাণবিক অস্ত্র গ্রহণ, উৎপাদন কিংবা অন্য কোনো উপায়ে অর্জন না করার অঙ্গীকার করেছে। একই সঙ্গে আইএইএ-এর পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য সরবরাহে সম্মত হয়েছে।
তবে কোনো দেশ যদি মনে করে যে অসাধারণ কোনো ঘটনা তার সর্বোচ্চ জাতীয় স্বার্থকে বিপন্ন করেছে, তাহলে নির্ধারিত প্রক্রিয়ায় নোটিশ দিয়ে এনপিটি থেকে বেরিয়ে আসতে পারে। চুক্তিটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের প্রতিশ্রুতি দিলেও প্রচলিত সামরিক হামলা থেকে কোনো সুরক্ষা দেয় না। ইরানের কট্টরপন্থীরা এই বিষয়টিকেই চুক্তি থেকে বেরিয়ে আসার পক্ষে অন্যতম যুক্তি হিসেবে তুলে ধরছেন।
ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই একাধিকবার প্রকাশ্যে এনপিটি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি চলতি সপ্তাহের শুরুতে বলেন, দেশটি পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিলে সংগঠনটি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে।

