ইসরায়েলের ভাণ্ডারে ৯০ পরমাণু অস্ত্র

তবে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রশাসনের এই দ্বিমুখী নীতি নিয়ে দেশটির অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। চলতি বছরের মে মাসে কংগ্রেসের ৩০ জন ডেমোক্রেটিক সদস্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়ে ইসরায়েলের পরমাণু কর্মসূচি ও এ বিষয়ে মার্কিন সরকারি কর্মীদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের পারমাণবিক কার্যক্রমের ওপর নজরদারি বা স্যাটেলাইটচিত্র প্রকাশের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক ও সরকারি প্রতিষ্ঠানে নানা বিধিনিষেধ ও সেন্সরশিপ কার্যকর রয়েছে।
‘বিতর্কিত’ পরমাণু অস্ত্রের পরীক্ষা
১৯৭৯ সালে ইসরায়েলের সম্ভাব্য একটি পারমাণবিক পরীক্ষার বিষয়টি যুক্তরাষ্ট্র হয়তো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়েছিল। তবে এ নিয়ে এখনো ব্যাপক বিতর্ক রয়েছে। সেবছর ২২ সেপ্টেম্বর ‘ভেলা ৬৯১১’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের একটি নজরদারি স্যাটেলাইট ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে দুটি পরপর আলোর ঝলকানি শনাক্ত করে।
ধারণা করা হয়, পারমাণবিক বিস্ফোরণের ফলে এ ধরনের আলোর ঝলকানি তৈরি হয়েছিল। ১৯৭৯ সালের ভেলা ঘটনার পটভূমি জানতে কোহেন ও বার (২০১৬) এবং রিচেলসনের (২০০৬) গবেষণা দেখা যেতে পারে। গোপনীয়তার তকমা তুলে নেওয়া মার্কিন গোয়েন্দা নথিতে দেখা যায়, সে সময় মার্কিন কর্মকর্তাদের মধ্যে ধারণা ছিল, এটি ছিল ইসরায়েলের একটি পারমাণবিক পরীক্ষা। এতে দক্ষিণ আফ্রিকা রসদ সহায়তা দিয়ে থাকতে পারে বলেও মনে করা হতো।
তবে ১৯৮০ সালে হোয়াইট হাউসের একটি প্যানেল সিদ্ধান্তে পৌঁছায়, ভেলা স্যাটেলাইটের শনাক্ত করা সংকেতটি ‘সম্ভবত কোনো পারমাণবিক ঘটনা থেকে আসেনি’। কিন্তু সম্প্রতি প্রকাশ করা নথি অনুযায়ী, মার্কিন বিজ্ঞানী ও গোয়েন্দা বিশ্লেষকদের অনেকেই মনে করতেন, ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক বিরোধ এড়াতে প্যানেলের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্টভাবে নেওয়া হয়েছিল। তারা প্যানেলের সিদ্ধান্ত ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছিলেন।
নথিগুলোতে আরও ইঙ্গিত পাওয়া যায়, ইসরায়েলি সূত্রগুলো পারমাণবিক পরীক্ষার বিষয়ে মার্কিন কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে তথ্য ফাঁস করেছিল। তবে এসব দাবি হয় সেন্সর করা হয়েছিল, নয়তো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি।
ভেলা ঘটনা যদি সত্যিই ইসরায়েলের পারমাণবিক পরীক্ষা হয়ে থাকে, তাহলে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির নিজস্ব সংজ্ঞা অনুযায়ী এটিকে অস্ত্রের ‘প্রবর্তন’ হিসেবে গণ্য করা হবে কি না, তা স্পষ্ট নয়। ইসরায়েলের পরপর কয়েকটি সরকার কখনোই প্রকাশ্যে ভেলা ঘটনায় দেশটির সম্পৃক্ততার কথা স্বীকার করেনি।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে পাঁচটি দেশকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি (এনপিটি) অনুযায়ী আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন। রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাষ্ট্র।
অন্য চারটি দেশও পারমাণবিক অস্ত্রের অধিকারী। তবে তারা এনপিটির অধীনে স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়। দেশগুলো হলো ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল। উত্তর কোরিয়া ২০০৩ সালে এনপিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তবে ইসরায়েল কখনো প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কথা স্বীকার করেনি।

