অ্যাকাউন্ট স্থগিতের অভিযোগে হায়দরাবাদ ও মুম্বাইয়ে মেটার কার্যালয়ে কংগ্রেসকর্মীদের বিক্ষোভ-ভাঙচুর

একই সময়ে মুম্বাই যুব কংগ্রেসও মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সমালোচনাকারীদের কণ্ঠরোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (বিকেসি) ওয়ার্ল্ড ওয়ান ভবনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মুম্বাই যুব কংগ্রেসের সভাপতি জিনাত সাবরিনের নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়। এ সময় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি পোস্টারও পোড়ানো হয়। বৈষ্ণব তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি—দুই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
বিক্ষোভকারীরা মেটার বিরুদ্ধে বিজেপির পক্ষ নেওয়ার অভিযোগ তুলে স্লোগান দেন। তাঁদের দাবি, ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার অ্যাকাউন্ট স্থগিত করা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত প্রকাশের কণ্ঠরোধের চেষ্টা।
মেটার কাছে চারটি দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁরা বলেন—
১. গত ছয় মাসে সরকারের নির্দেশে কতগুলো ভারতীয় অ্যাকাউন্টের কার্যক্রম সীমিত করা হয়েছে এবং এর মধ্যে কতগুলো এখনো বন্ধ রয়েছে, তা প্রকাশ করতে হবে।
২. রাহুল গান্ধীর নাম উল্লেখ করা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সমালোচনা করা পোস্টগুলো স্বয়ংক্রিয়ভাবে কেন আটকে দেওয়া হচ্ছে, তার ব্যাখ্যা দিতে হবে।
৩. বিরোধী দলের নেতা, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের ওপর আরোপ করা সব বেআইনি বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে।
৪. ভারতের সংবিধানকে সম্মান করতে হবে, ‘বিজেপির রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নয়’।
দাবিগুলো পূরণ না হলে ‘আদালতে, রাজপথে এবং কার্যালয়েও’ আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

