ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি: চুয়াডাঙ্গা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করল বিএনপি
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখায় অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপি। এ ঘটনার প্রতিবাদে সমাবেশস্থলে বিক্ষোভ ও স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।
শনিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত ‘ডিসি সাহিত্য মঞ্চে’ এ ঘটনা ঘটে। দিবসটি উপলক্ষে সেখানে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের পরিবেশনা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছিল স্থানীয় প্রশাসন।
দলীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই সাহিত্য মঞ্চে প্রশাসনিক আনুষ্ঠানিকতা চলছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে দেখেন, মূল মঞ্চের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি নেই। বিষয়টি নজরে আসতেই নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা তাৎক্ষণিকভাবে স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং জেলা প্রশাসকের কাছে এর কারণ জানতে চান। পরবর্তীতে কোনো সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে অনুষ্ঠান বর্জনের ডাক দেন তারা।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু বলেন, “একটি রাষ্ট্রীয় আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি বাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা জেলা প্রশাসকের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু তাঁর পক্ষ থেকে গ্রহণযোগ্য জবাব মেলেনি। এ কারণেই আমরা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”
প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব বলেন, “ব্যানারে ছবি না থাকাটাই একমাত্র বিষয় নয়; অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্ত। প্রশাসনের এমন বিতর্কিত আচরণ আমাদের ভাবিয়ে তুলছে।”
উদ্ভূত পরিস্থিতিতে দুঃখপ্রকাশ করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, “অনুষ্ঠানটির জন্য নির্ধারিত কোনো বাজেট ছিল না। ফলে ইচ্ছে থাকলেও ছবি দিয়ে ব্যানার সাজানো সম্ভব হয়নি। এছাড়া স্বয়ং প্রধানমন্ত্রীও ছবি ব্যবহারের ক্ষেত্রে নিরুৎসাহিত করে থাকেন। তবে যা ঘটেছে, তা ভুলবশতই হয়েছে।”

