পদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের জাফরপুর বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে কার্যালয়টি লক্ষ্য করে একে একে চারটি পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাকি তিনটি বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ দিয়ে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখার ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, রাত পৌনে তিনটার দিকে ব্যাংকের নাইটগার্ড ফোন করে পেট্রোল বোমা হামলার বিষয়টি তাকে জানান। খবর পাওয়া মাত্রই তিনি চুয়াডাঙ্গা সদর থানা, সদর থানার ওসি এবং পুলিশ সুপার কার্যালয়ে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ।
শাখা ব্যবস্থাপক আরও জানান, ব্যাংকের মূল প্রবেশদ্বারের সামনে একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। অন্য তিনটি বোমার একটি ভবনের ছাদে এবং দুটি প্রধান ফটকের সিঁড়ির সামনে পড়ে থাকলেও বিস্ফোরিত হয়নি। বোমার আগুনে ভবনের সামনে আগুন জ্বলে উঠলে ব্যাংকের নাইটগার্ড ও বাজারের নৈশপ্রহরী দ্রুত পানি ছিটিয়ে তা নিভিয়ে ফেলেন। ঘটনাটি ভবনের বাইরে ঘটায় ভেতরের কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র, ফাইল বা মূল্যবান সামগ্রীর কোনো ক্ষতি হয়নি।
সিসিটিভি ফুটেজে তিন আরোহী
ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, একটি মোটরসাইকেলে চেপে হেলমেট পরা তিন ব্যক্তি ব্যাংকটির সামনে পৌঁছায়। তাদের একজনের হাতে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগ থেকেই পেট্রোল বোমা বের করে আগুন ধরিয়ে ব্যাংকের দিকে ছুড়ে মারা হয়। আইন প্রয়োগকারী সংস্থা ইতিমধ্যে আলামত হিসেবে সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে আপাতত কারও বিরুদ্ধে সরাসরি মামলা কিংবা আইনি ব্যবস্থার আবেদন করা হয়নি বলে অভিযোগে উল্লেখ রয়েছে। শাখা ব্যবস্থাপক জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। গভীর রাতে ব্যাংক কার্যালয়ে এমন নাশকতার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

