বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় আবারও মিনারুলের সারের চালান জব্দ: লাইসেন্স ছাড়াই ৩০ বছর ব্যবসা

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ এএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে আবারও একটি চালান জব্দ করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার নওদা হাঁপানিয়া গ্রামে শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারে নেওয়ার সময় ৫০ বস্তা সার আটক করা হয়। এ সময় সার কেনার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা হাসান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জব্দ করা সার ও আটক ব্যক্তিকে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় উপজেলার ভাংবাড়ীয়া বাজারের মনিরুল স্টোরের স্বত্বাধিকারী মিনারুল ইসলামের সারের কারবার নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরেও তাঁর ৪৪০ বস্তা সারের একটি বড় চালান জব্দ করেছিল প্রশাসন।

যেভাবে ধরা পড়ল সারের চালান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে নওদা হাঁপানিয়া এলাকা দিয়ে লাটাহাম্বারে করে সার নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা গাড়িটির গতিরোধ করে পুলিশে খবর দেন। খবর পেয়ে হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রবাস কুমার ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি লাটাহাম্বারসহ চালক ও ক্রেতা হাসানকে আটক করেন। উদ্ধার করা চালানে ২০ বস্তা ডিএপি, ২৫ বস্তা ইউরিয়া এবং ৫ বস্তা টিএসপি সার রয়েছে।

এএসআই প্রবাস কুমার বলেন, স্থানীয় ব্যক্তিরা প্রথমে গাড়িটি আটকে রেখেছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ৫০ বস্তা সারসহ লাটাহাম্বার ও সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণে নেয়। মেহেরপুরের গাংনীর হাসান নামের এক ব্যক্তি এই সারের ক্রেতা। সারসহ সবাইকে আলমডাঙ্গা থানায় পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা থানা থেকেই নেওয়া হবে।

সার জব্দের বিষয়ে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। মূল অভিযুক্ত মিনারুল ইসলামের বিরুদ্ধে মামলা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে জড়িত সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগেও জব্দ হয়েছিল ৪৪০ বস্তা

ভাংবাড়ীয়া বাজারের মনিরুল স্টোরের সারের চালান জব্দের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকালে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে অবৈধভাবে পাচারের সময় একটি ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার আটক করেছিল পুলিশ। সেই চালানটিও ছিল এই মিনারুল ইসলামের।

পুলিশের দেওয়া তৎকালীন তথ্যানুযায়ী, যশোরের নওয়াপাড়ার ‘দিনান ট্রান্সপোর্ট’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাকযোগে সারগুলো চুয়াডাঙ্গায় আনা হচ্ছিল। কাগজপত্র ও গন্তব্য নিয়ে গড়মিল থাকায় হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ট্রাকটি আটক করেন। ওই ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের ট্রাকচালক শাকিল হোসেন, খুলনার ইসরাফিল এবং আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে সার ব্যবসায়ী মিনারুল ইসলামকে আটক করা হয়েছিল।

পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাড়তি মুনাফার লোভে অবৈধ সার পরিবহনের দায়ে মিনারুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সিদ্ধান্তে জব্দ করা সেই সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয় এবং সার কার্ডের মাধ্যমে প্রথম দফায় ৯৫ বস্তা টিএসপি কৃষকদের কাছে বিক্রি করা হয়েছিল।

‘লাইসেন্স নেই, ব্যবসা অবৈধ’ স্বীকারোক্তি মিনারুলের

রোববার জব্দ হওয়া সারের বিষয়ে যোগাযোগ করা হলে মনিরুল স্টোরের মালিক মিনারুল ইসলাম ৫০ বস্তা সার মেহেরপুরের গাংনীর হাসানের কাছে বিক্রির বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, প্রায় ৩০ বছর ধরে তিনি সারের ব্যবসা করে আসছেন। তবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কোনো ডিলারশিপ কিংবা এ সংক্রান্ত কোনো বৈধ লাইসেন্স তাঁর নেই। বিভিন্ন স্থান থেকে সার সংগ্রহ করে সামান্য লাভে কৃষকদের কাছে তিনি তা বিক্রি করেন।

বৈধ অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করা বেআইনি কি না—এমন প্রশ্নে তিনি বলেন, লাইসেন্স যেহেতু নেই, সেহেতু এটিকে অবৈধ বলতেই হবে। গত সেপ্টেম্বরে ৪৪০ বস্তা সার জব্দের প্রসঙ্গে তিনি দাবি করেন, সেই ঘটনায় তাঁর বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তবে বারবার কেন একই ধরনের বেআইনি কাজ করছেন, সে বিষয়ে কোনো জবাব দিতে পারেননি তিনি। এ সময় ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধও জানান তিনি।

কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই তিন দশক ধরে সারের রমরমা কারবার চালিয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পরও মিনারুল বারবার কীভাবে পার পেয়ে যাচ্ছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...