বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

কার্পাসডাঙ্গার ঐতিহাসিক নীলকুঠির শেষ চিহ্ন দুই স্তম্ভ, সংরক্ষণের দাবি

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভৈরব নদের তীরবর্তী কার্পাসডাঙ্গায় ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নীল চাষ ও নীলকরদের শোষণের স্মৃতিচিহ্ন হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে একটি প্রবেশদ্বারের দুটি স্তম্ভ। একসময় বিশাল এলাকাজুড়ে বিস্তৃত প্রতাপশালী নীলকুঠির প্রায় সবকিছুই কালের গর্ভে হারিয়ে গেলেও শেষ চিহ্ন হিসেবে টিকে আছে এই কাঠামো দুটি। বর্তমানে অযত্ন ও অবহেলায় পড়ে থাকা ঐতিহাসিক এই নিদর্শন দ্রুত সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দা ও ইতিহাসসচেতন মহল।

ইতিহাস ঘেঁটে জানা যায়, কাশিমবাজার নবাব এস্টেটের কাছ থেকে পত্তনি নিয়ে ফ্রেডারিক অ্যাসকল নামের এক ইংরেজ বণিক কার্পাসডাঙ্গায় এই নীলকুঠি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এটি নীল চাষ, প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্যের একটি বড় কেন্দ্রে রূপ নেয়। একপর্যায়ে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও রানাঘাট পর্যন্ত প্রায় ২৪৭ বর্গমাইল এলাকায় নীলকুঠির কার্যক্রম বিস্তৃত ছিল। প্রায় ১৩ হাজার ২০০ বিঘা জমিতে নীল চাষের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছিলেন অসংখ্য কৃষক ও কর্মী। নীলকরদের মুনাফার লোভে বাংলার কৃষকদের ওপর চালানো সীমাহীন বঞ্চনা ও নির্যাতনের ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই জনপদ।

প্রশাসনিক গুরুত্ব ও ধ্বংসযজ্ঞের ইতিহাস

শুধু নীল ব্যবসা নয়, প্রশাসনিক দিক থেকেও কার্পাসডাঙ্গা নীলকুঠিটির বিশেষ গুরুত্ব ছিল। ১৮৬০-৬১ সালের ঐতিহাসিক নীল বিদ্রোহের পর প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ১৮৬১ সালে চুয়াডাঙ্গা মহকুমা গঠিত হলে এখানেই তার প্রথম সদর দপ্তর স্থাপন করা হয়েছিল। ফলে নীল ব্যবসার পাশাপাশি স্থানীয় প্রশাসনিক কার্যক্রমের মূল কেন্দ্র ছিল এই চত্বর।

স্থানীয়রা জানান, বিশাল এই কুঠিতে একসময় ঘোড়ার আস্তাবল, হাতিশাল ও প্রশাসনিক ভবনসহ নানা স্থাপনা ছিল। ছিল বিভিন্ন প্রবেশপথের সাতটি তোরণ বা স্তম্ভসদৃশ কাঠামো। তবে ২০০৪ সালে নীলকুঠির মূল ভবনটি পুরোপুরি ভেঙে ফেলা হয়। সময়ের ব্যবধানে ছয়টি তোরণের অস্তিত্ব মুছে গেলেও বর্তমানে কেবল একটি প্রবেশদ্বারের দুটি স্তম্ভ কোনোমতে টিকে রয়েছে।

অবহেলায় হারিয়ে যাচ্ছে স্মৃতিচিহ্ন

এলাকার প্রবীণ বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাধন কুমার জানান, বিস্তীর্ণ কুঠির এলাকাটিতে এখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতি গড়ে উঠেছে। প্রতিদিন এই পথ দিয়ে প্রচুর মানুষ চলাচল করলেও অবশিষ্ট স্তম্ভ দুটির পেছনের রক্তক্ষয়ী ও শোষণমূলক ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন না।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম বিশ্বাস বলেন, এই প্রাচীন কাঠামো দুটি এলাকার গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ। দীর্ঘদিন ধরে এগুলো অবহেলায় পড়ে আছে। আগামী প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে এগুলো দ্রুত সংস্কার ও সংরক্ষণ করা প্রয়োজন।

স্থানীয় ইতিহাসসচেতন ব্যক্তি ছালাউদ্দিনের মতে, পুরোনো কোনো স্থাপনা একবার পুরোপুরি ধ্বংস হয়ে গেলে তা আর ফিরিয়ে আনা যায় না। তাই প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের দিয়ে এই অবশিষ্ট কাঠামোর ইতিহাস ও গুরুত্ব যাচাই করে জরুরি ভিত্তিতে সুরক্ষার ব্যবস্থা নেওয়া উচিত।

প্রশাসনের বক্তব্য ও স্থানীয়দের দাবি

এ প্রসঙ্গে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাবলী ইয়াসমিন জানান, কার্পাসডাঙ্গার প্রাচীন এই স্থাপনা দুটি সংরক্ষণের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। কাঠামোগুলোর ঐতিহাসিক গুরুত্ব ও প্রত্নতাত্ত্বিক পরিচয় যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সংরক্ষণের পদক্ষেপ নেওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হবে।

কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আটচালা ঘরসহ একাধিক প্রাচীন নিদর্শন রয়েছে। স্থানীয়দের দাবি, জেলা ও উপজেলা প্রশাসন এবং প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যেন দ্রুত সরেজমিনে পরিদর্শন করে এই স্তম্ভ দুটি সংরক্ষণের উদ্যোগ নেয়। একই সঙ্গে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সেখানে একটি তথ্যফলক স্থাপন করা হলে স্থানটি ভবিষ্যৎ প্রজন্মের ইতিহাসচর্চায় সহায়ক ভূমিকা রাখবে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...