শপথ নিয়ে দায়িত্ব বুঝে নিল আলমডাঙ্গা বণিক সমিতির নতুন কমিটি

নানা আনুষ্ঠানিকতা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে শপথগ্রহণ ও দায়িত্বভার বুঝে নিয়েছে আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় বণিক সমিতি কার্যালয়ে অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ব্যাংকার শহিদুল ইসলাম। শপথ গ্রহণ শেষে নতুন নেতৃত্বের কাছে সমিতির দায়িত্ব হস্তান্তর করা হয়। আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আরেফিন মিঞা মিলনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরও অংশ নেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শমসের আলী মল্লিক ও মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক বিশ্বাস ঘেটু, সেকেন্দার আলী কচি, রবিউল হক পকু ও কামাল হোসেন এবং সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, হাফিজুর রহমান ও হাজী রফিকুল আলম।
ব্যবসায়ীদের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার ব্যাংকার শহিদুল ইসলাম বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব এসেছে। বণিক সমিতি শুধু একটি সাধারণ সংগঠন নয়, এটি ব্যবসায়ীদের স্বার্থ, অধিকার ও নিরাপত্তা সুরক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দলমত ও ব্যক্তিস্বার্থ ভুলে ব্যবসায়ীদের কল্যাণে নবনির্বাচিত কমিটিকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটে জয়-পরাজয় থাকবেই, তবে এখন সমিতির অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলা উদ্দিন বলেন, সমিতির কার্যক্রম গতিশীল করতে তিনি আন্তরিক প্রচেষ্টা চালাবেন। ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার করে তিনি জানান, কমিটির সবাইকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব সিদ্ধান্ত নেওয়া হবে।
টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত করায় ভোটার ও ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে আরেফিন মিঞা মিলন বলেন, ‘গত দুই মেয়াদে আমরা সব সিদ্ধান্ত সবার মতামত ও সম্মতির ভিত্তিতে নেওয়ার চেষ্টা করেছি। গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখেই সমিতির কার্যক্রম পরিচালনা করেছি। নতুন মেয়াদেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।’ ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা এবং সমিতিকে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি।
হারদী এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক ও সহকারী নির্বাচন কমিশনার একেএম ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, বৃহত্তর কাপড়পট্টি সমিতির সভাপতি আলহাজ গোলাম রহমান সিঞ্জুল, বিশিষ্ট ব্যবসায়ী আজিবার চেয়ারম্যান ও কামরুজ্জামান বকুল।
রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের সাবেক আমির শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমির মাহের আলী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা।
এছাড়া নতুন কমিটির সহসভাপতি ইফতেকার আহমেদ ও হাজী রফিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ বেলাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা মাসুমসহ নির্বাহী সদস্য আ. ওহাব কাবলু, আব্দুস সাত্তার মিয়া, আব্দুর রব, আল আমিন, গোলাম মোস্তফা, জয়নাল আবেদিন ক্যাপ, এইচএম মোয়াজ্জেম, রেজাউল হক তোতা, রাশেদ কায়ছার তুহিন, খন্দকার সজিব ও সাধারণ ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

