জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের সন্তোষপুর ইকোপার্ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার বাসিন্দা ইলিয়াস হোসেনের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে মাঠে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় কৃষকেরা সন্তোষপুর ইকোপার্কের কাছে সড়কের পাশের খাদে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই দুমড়েমুচড়ে পড়ে ছিল একটি নীল রঙের আরটিআর মোটরসাইকেল। পরে উপস্থিত লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
নিহতের বাবা ইলিয়াস হোসেন বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে সন্তোষপুরের একটি পেট্রলপাম্প থেকে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে রাসেল বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সারা রাত ধরে তার মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও সে ফোন ধরেনি। পরে সকালে দুর্ঘটনার খবর পেয়ে এসে ছেলের মরদেহ দেখতে পাই।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ চুয়াডাঙ্গা ডট নেটকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

