চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচন: ১৫ পদে মনোনয়নপত্র জমা দিলেন ৩৫ প্রার্থী

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। সমিতিটির ১৫টি পদের বিপরীতে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ সর্বমোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
প্যানেলভিত্তিক প্রার্থী তালিকা
ক্ষমতাসীন দল বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের হয়ে লড়ছেন এমএম শাহজাহান মুকুল (সভাপতি), আলী হোসেন ও আসাদুজ্জামান গণি সালাম (সহ-সভাপতি) এবং আব্দুল মজিদ মোল্লা (সাধারণ সম্পাদক)। এ প্যানেল থেকে যুগ্ম সম্পাদক পদে আফরুজা আকতার ও মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে এসএম হুমায়ুন কবীর, লাইব্রেরি সম্পাদক পদে আতিয়ার রহমান (২) ও ক্রীড়া সম্পাদক পদে বজলুর রহমান ডাবলু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন ফরজ আলী, সেলিনা খাতুন, শরিফুল ইসলাম (২), আশিকুর রহমান (রাজ), তানভীর আহমদ শাওন ও আল আমিন বিশ্বাস।
অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ব্যানারে সভাপতি পদে আলহাজ্ব মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ মনোনয়নপত্র দাখিল করেছেন। এই প্যানেলের যুগ্ম সম্পাদক পদে হারুনর রশিদ বাবলু এবং সদস্য পদে আমজাদ আলী শাহ, হাসিবুল ইসলাম ইব্রাহীম, মুহাম্মদ ইকরামুল হক, সৈয়দ ফারুক আহম্মেদ, বেলাল হোসাইন ও আকতার আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্বতন্ত্র ও অন্যান্য সংগঠনের প্রার্থীরা
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার)। তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যান্য রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আকসিজুল ইসলাম রতন। এছাড়া সহ-সভাপতি পদে মামুন আক্তার ও মোসলেম উদ্দিন (২), সাধারণ সম্পাদক পদে আফজালুল হক, যুগ্ম সম্পাদক পদে তানিয়া লাঞ্চ ও হারুনর রশিদ এবং সদস্য পদে সাকিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনি তফসিল ও পরিচালনা
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর রবিবার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ করা হবে। ১৬ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আগামী ২৮ নভেম্বর শনিবার সমিতির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট দেবেন সমিতির ২২০ জন ভোটার। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে এবং ফলাফল জানিয়ে দেওয়া হবে।
নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম (১)। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব অ্যাডভোকেট এম এম মনোয়ার হোসেন ও অ্যাডভোকেট ওহিদুজ্জামান মুকুল।

