দেহাটি বাজারে ট্রাকের ধাক্কায় আহত মশিউরের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মশিউর রহমান (৫০) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার সকাল নয়টার দিকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মশিউর রহমান জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের প্রয়াত শিক্ষক আনোয়ার হোসেনের ছেলে। শনিবার সকাল দশটায় দেহাটি ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠানের কথা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে আটটার দিকে সন্তোষপুর-আব্দুল বায়দি সড়কের দেহাটি বাজারের একটি ফার্মেসির সামনে মোটরসাইকেলে বসে ওষুধ কিনছিলেন মশিউর। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথা ও বুকে মারাত্মক আঘাত পান এবং অচেতন হয়ে পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে রাতেই অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পাঁচ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার সকালে তিনি মারা যান।
এদিকে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মশিউরের মরদেহ দেহাটি গ্রামের নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। নিহতের চাচা ও কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন শনিবার সকালের জানাজায় সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি (ঝিনাইদহ-ট-১১-১৯৭৫) জব্দ করে থানা হেফাজতে নিয়েছে জীবননগর থানা-পুলিশ।

