দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেফতার, পাঠানো হলো আদালতে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তুহিন আলী (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া তুহিন আলী উপজেলার জুড়ানপুর পূর্বপাড়ার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি তুহিন আলীকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কড়া পুলিশি পাহারায় তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, সন্ত্রাসবিরোধী আইনে হওয়া একটি মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারই তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

