চুয়াডাঙ্গায় রিজিয়া খাতুনের স্মরণে ক্যানসার রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা

চুয়াডাঙ্গায় ক্যানসার আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে দুই দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কেদারগঞ্জ বাজারের ইম্প্যাক্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত ১২ ও ১৩ নভেম্বর এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. রেজাউল হক তাঁর মরহুমা মা রিজিয়া খাতুনের স্মরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবামূলক কার্যক্রমের সূচনা করেন।
ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্র ও চিকিৎসা পরামর্শ দেন দেশের বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ ডা. ইসলাম উদ্দিন চৌধুরী। সহযোগী অধ্যাপক পদমর্যাদার এই চিকিৎসক বর্তমানে আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও হেড অব অনকোলজি হিসেবে কর্মরত আছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সাধারণ ক্যানসার রোগীদের সহজে উন্নত চিকিৎসার আওতায় আনতেই এই ক্যাম্প পরিচালনা করা হয়েছে। এতে চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে আসা বহু রোগী ও ক্যানসার সন্দেহভাজন ব্যক্তি সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন।
বিনা খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের এমন সরাসরি পরামর্শ পেয়ে সন্তুষ্টি জানিয়েছেন রোগী ও তাঁদের পরিবার। মানবিক এই পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় সুধীসমাজের প্রতিনিধিরা। তাঁরা মনে করেন, অন্যান্য প্রতিষ্ঠান ও সামর্থ্যবানেরা এভাবে পাশে দাঁড়ালে প্রান্তিক জনগোষ্ঠীর ক্যানসার চিকিৎসা সহজ হবে। আগামী দিনগুলোতেও এমন সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

