বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

আলমডাঙ্গার সোনাতনপুরে জিকে ক্যানালের ব্রিজ ভেঙে বিপাকে ১৫ গ্রামের ৭ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের সোনাতনপুর গ্রামে জিকে ক্যানালের ওপরের সেতুটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের অন্তত ১৫টি গ্রামের প্রায় ৭ হাজার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকলেও এখনো তা সংস্কার কিংবা পুনর্নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি মাথায় নিয়ে ভাঙা সেতুর ওপর দিয়েই চলাচল করছেন পথচারী ও ছোটখাটো যানবাহনের চালকেরা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৪৫ বছর আগে সোনাতনপুর গ্রামের ওপর দিয়ে প্রবাহিত জিকে ক্যানালের ওপর এই সেতুটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। নির্মাণের পর থেকে সোনাতনপুরসহ আশপাশের গ্রামগুলোর বাসিন্দাদের যাতায়াতে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল। তবে দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় এটি ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ে। একপর্যায়ে ২০২৪ সালের জুন মাসে সেতুটি পুরোপুরি ভেঙে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় দুই বছর ধরে ঝুঁকি মাথায় নিয়ে ভাঙা সেতুর ওপর দিয়েই তাঁদের পারাপার হতে হচ্ছে।

বিকল্প পথে বাড়তি পথ ও খরচ

সেতুটি ভেঙে পড়ার কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন স্থানীয় ১৫টি গ্রামের মানুষ। চুয়াডাঙ্গা জেলা শহর কিংবা আলমডাঙ্গা উপজেলা সদরে প্রয়োজনে যেতে হলে তাঁদের এখন বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এতে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে গিয়ে সময় ও অর্থ দুটোই বেশি অপচয় হচ্ছে। বিশেষ করে মাঠের কৃষিপণ্য হাটে নেওয়া, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত এবং অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে বড় ভোগান্তি পোহাতে হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে সোনাতনপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘ব্রিজটি এখন ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে। ভ্যানসহ বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষ প্রতিদিনই এই পথ ব্যবহার করছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

একই এলাকার বাসিন্দা ফজলুর রহমান বলেন, ‘প্রায় দুই বছর আগে ব্রিজটি ভেঙে পড়েছে। কিন্তু এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের পক্ষ থেকেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ব্রিজটির ওপর দিয়ে কৃষিপণ্য পরিবহন করতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি শিশু শিক্ষার্থীদের চলাচলও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।’

আরেক বাসিন্দা অজিবার জানান, প্রতিদিন এই সেতু দিয়ে আনুমানিক ১২০টি বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সেতুটি বিপজ্জনক হওয়ায় প্রায়ই ভ্যান, পাখিভ্যান ও আলমসাধু উল্টে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে চালকদের। বিকল্প সড়ক অনেক দূরের হওয়ায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে এই ভাঙা সেতু পার হচ্ছেন চালকেরা। অবিলম্বে সেতুটি ঠিক করা না হলে যেকোনো মুহূর্তে বড় বিপর্যয় ঘটতে পারে।

কর্তৃপক্ষের বক্তব্য

যোগাযোগ করা হলে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ জানান, আলমডাঙ্গা উপজেলায় জিকে প্রকল্পের আওতাধীন সোনাতনপুর গ্রামের সেতুটি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এটি মেরামতের জন্য দাপ্তরিকভাবে প্রয়োজনীয় চাহিদা পাঠানো হয়েছে। আগামী অর্থবছরে বরাদ্দ পাওয়া গেলে সেতুটি মেরামতের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এ প্রসঙ্গে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তবে স্থানীয়দের দাবি, আগামী অর্থবছরের বরাদ্দের অপেক্ষায় ফেলে না রেখে জরুরি ভিত্তিতে সেতুটি পুনর্নির্মাণের কাজ শুরু করা দরকার। সাত হাজার মানুষের নিরাপদ যাতায়াতের কথা ভেবে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...