বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলছে ১৫ গ্রামের মানুষ, দুর্ভোগে ৭ হাজার বাসিন্দা

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের সোনাতনপুর গ্রামে জিকে ক্যানালের ওপরের সেতুটি ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছেন অন্তত ১৫টি গ্রামের প্রায় সাত হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে থাকলেও সংস্কার কিংবা পুনর্নির্মাণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে প্রতিদিন ভাঙা কাঠামোর ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন চালকেরা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষক, শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৪৫ বছর আগে সোনাতনপুর গ্রামের ওপর দিয়ে প্রবাহিত জিকে ক্যানালের ওপর সেতুটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সোনাতনপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের দৈনন্দিন চলাচলের অন্যতম প্রধান পথ ছিল এটি। দীর্ঘদিনের ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়ার পর ২০২৪ সালের জুন মাসে সেতুটি পুরোপুরি ভেঙে পড়ে। এর পর থেকে প্রায় দুই বছর ধরে চরম ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।

সেতুটি ভেঙে যাওয়ায় প্রয়োজনীয় কাজে চুয়াডাঙ্গা জেলা শহর কিংবা আলমডাঙ্গা উপজেলা সদরে যেতে গ্রামবাসীকে বিকল্প পথে প্রায় দুই থেকে তিন কিলোমিটার অতিরিক্ত ঘুরতে হচ্ছে। এতে বাড়তি সময় ব্যয়ের পাশাপাশি পরিবহন খরচও বেড়ে গেছে। বিশেষ করে সময়মতো কৃষিপণ্য বাজারজাত করা, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হওয়া এবং জরুরি রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে।

দুর্ঘটনার শঙ্কা নিয়ে পারাপার

সোনাতনপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘ব্রিজটি এখন ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে। ভ্যানসহ বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষ প্রতিদিনই এই পথ ব্যবহার করছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

একই এলাকার বাসিন্দা ফজলুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রায় দুই বছর আগে ব্রিজটি ভেঙে পড়েছে। কিন্তু এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের পক্ষ থেকেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ব্রিজটির ওপর দিয়ে কৃষিপণ্য পরিবহন করতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি শিশু শিক্ষার্থীদের চলাচলও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।’

স্থানীয় বাসিন্দা অজিবার জানান, এই সেতু দিয়ে প্রতিদিন পাখিভ্যান, আলমসাধু ও রিকশাভ্যানসহ প্রায় ১২০টি যানবাহন যাতায়াত করে। সেতুটি বিপজ্জনক অবস্থায় থাকায় প্রায়ই চালকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিকল্প পথ অনেকটা দূরে হওয়ায় বাধ্য হয়েই চালকেরা ঝুঁকি জেনেও এই সেতু পার হচ্ছেন। দ্রুত এটি ঠিক না করলে বড় বিপদের আশঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য

এ বিষয়ে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ জানান, আলমডাঙ্গা উপজেলায় জিকে প্রকল্পের আওতাধীন সোনাতনপুর গ্রামের সেতুটি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আগামী অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে মেরামতের ব্যবস্থা করা সম্ভব হবে।

অন্যদিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তবে স্থানীয়দের দাবি, আগামী অর্থবছরের বরাদ্দের অপেক্ষায় কালক্ষেপণ না করে জরুরি ভিত্তিতে সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত স্থায়ী সমাধান চান এলাকাবাসী।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...