আলমডাঙ্গায় আইন অমান্য করায় আহমেদ ফার্মেসিকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঔষধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের অভিযোগে একটি ফার্মেসিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে যৌথ অভিযান চালিয়ে আলিম উদ্দিন সড়ক মোড়ের আহমেদ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল। এ সময় চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক একরামুল হক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শহরের হাইরোডসহ আশপাশের বেশ কয়েকটি ফার্মেসিতে তদারকি চালায় ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনের সময় ওষুধ বিক্রির নীতিমালা, সঠিক পদ্ধতিতে ওষুধ সংরক্ষণ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয়। পরিদর্শনকালে আলিম উদ্দিন সড়ক মোড়ের আহমেদ ফার্মেসিতে আইন অমান্যের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট করেন, ওষুধ সরাসরি মানুষের জীবনের সঙ্গে জড়িত হওয়ায় এতে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি মেনে নেওয়া হবে না। জনস্বাস্থ্য রক্ষায় সঠিক নিয়মে ওষুধ সংরক্ষণ ও বিক্রির বিধান মেনে চলতে হবে। এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে ওষুধের বাজারে অনিয়ম কমবে এবং ভেজাল ওষুধের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

