আলমডাঙ্গায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের মহোৎসব: গ্যালারি থেকে টয়লেট, প্রশ্ন সবখানে

আলমডাঙ্গায় নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্যালারির ঢালাই, পিলার তৈরি, প্লাস্টার কিংবা টয়লেটের ছাদ ও সেফটি ট্যাংক—সব খানেই ধরা পড়ছে কাজের ত্রুটিপূর্ণ চিত্র। কোথাও ঢালাইয়ে সিমেন্টের জায়গায় শুধুই বালুর ছড়াছড়ি, আবার কোথাও পুরো নির্মাণকাঠামোই বাঁকা হয়ে দাঁড়িয়েছে। এমনকি সেফটি ট্যাংকি তৈরিতেও দেওয়া হচ্ছে নিম্নমানের ইট ও দায়সারা রড। কয়েক কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের এমন দশা দেখে ফুঁসে উঠেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। তাদের দাবি, অবিলম্বে কাজের মান তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
স্থানীয়দের কাছে ‘এ টিম মাঠ’ নামে পরিচিত আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে বেশ কিছুদিন ধরে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েক কোটি টাকা বরাদ্দের এ কাজটি পায় তৎকালীন সরকারের আশীর্বাদপুষ্ট হিসেবে পরিচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ই-ইঞ্জিনিয়ারিং’। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর বেশ কিছুদিন তারা কাজ বন্ধ রাখে। পরবর্তীতে পুনরায় কাজ শুরু করলেও নির্মাণকাজের মান নিয়ে শুরু থেকেই অসন্তোষ দানা বাঁধতে থাকে। একপর্যায়ে স্থানীয়দের কাছে অনিয়ম-দুর্নীতি ছাড়া মানসম্মত কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি তা রাখেনি। বারবার সতর্ক করা সত্ত্বেও নিজেদের ইচ্ছামতো মানহীন সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।
বাঁকা সিঁড়ি আর বালুর ঢালাই
স্টেডিয়ামের বড় অংশের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে, তবে সাম্প্রতিক নির্মাণকাজগুলোতে অনিয়মের ছাপ স্পষ্ট। কিছুদিন ধরে স্টেডিয়ামের পূর্ব পাশে গ্যালারি, শৌচাগার, ড্রেন ও সেফটি ট্যাংক নির্মাণের কাজ চলছে। সরেজমিনে দেখা যায়, গ্যালারিতে ওঠার সিঁড়িটির ঢালাই করা হয়েছে দৃশ্যমানভাবে বাঁকা-তেরছা করে। দর্শনার্থীদের বসার জায়গার ঢালাইয়ে সিমেন্ট যেন পাওয়াই ভার, ওপরের অংশে শুধুই বালু ভেসে রয়েছে। টয়লেটের ছাদ ঢালাইয়েও দেখা গেছে অদ্ভুত অসংগতি; ছাদের এক পাশ বেশ উঁচু হলেও অন্য পাশ নিচু। একই সঙ্গে সেফটি ট্যাংকির গাঁথুনিতে ব্যবহার করা হচ্ছে ৩ নম্বর মানের ইট। ফলে পুরো অবকাঠামোর স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
বর্তমানে সাদ্দাম নামের এক সাব-ঠিকাদার মাঠপর্যায়ে এই কাজগুলোর দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। তবে কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ক্রীড়া সংশ্লিষ্টদের ক্ষোভ ও কাজ বন্ধের নির্দেশ
নির্মাণকাজের এমন বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়ামোদী ও রাজনৈতিক ব্যক্তিরা। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ক্রীড়ামোদী মীর আসাদুজ্জামান উজ্জ্বল বলেন, ‘মিনি স্টেডিয়ামের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে টয়লেটের সেফটি ট্যাংকি নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করতে দেখা গেছে। আমরা নির্মাণকাজের কাছে গিয়ে মিস্ত্রিদের সঙ্গে কথা বলে কাজটি বন্ধ রাখতে বলেছি। তাদের ভালো মানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করার নির্দেশনা দিয়েছি। এ ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। নির্মাণকাজের গুণগত মান যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সন্তোষজনক না হওয়া পর্যন্ত পুনরায় কাজ করার অনুমতি দেয়া উচিত নয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের হস্তক্ষেপ প্রত্যাশা করছি।’
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শরিফুল ইসলাম পিন্টু এ বিষয়ে ক্ষোভ জানিয়ে বলেন, ‘মিনি স্টেডিয়ামটি আলমডাঙ্গার ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এ স্থাপনার কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার মেনে নেয়া যায় না। নির্মাণের শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করে প্রতিটি অংশের গুণগত মান যাচাই করা। অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নিম্নমানের কাজ ভেঙে মানসম্মতভাবে পুনর্নির্মাণ করতে হবে।’
অন্যদিকে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুন অর রশিদ মণ্ডল বলেন, ‘মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের গুণগত মানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি অবকাঠামো নয়, আলমডাঙ্গার ক্রীড়াঙ্গনের ভবিষ্যতের সঙ্গে জড়িত। কোনোভাবেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার সুযোগ নেই। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।’
ঝুঁকিতে ভবিষ্যৎ ক্রীড়াঙ্গন
একটি মফস্বল শহরের যুবসমাজকে সুস্থ ধারায় রাখতে, সংস্কৃতি ও শারীরিক চর্চার বিকাশে একটি স্টেডিয়ামের ভূমিকা অপরিসীম। আলমডাঙ্গার তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশ ও সম্প্রীতির কেন্দ্র হতে পারত এই মাঠটি। কিন্তু সেখানে যদি দুর্নীতির আশ্রয় নিয়ে দুর্বল অবকাঠামো দাঁড় করানো হয়, তবে তা শুধু সরকারি বরাদ্দের অপচয়ই নয়, ভবিষ্যতে বড় দুর্ঘটনার কারণও হতে পারে। উদ্বোধনের কিছুদিন পরই যদি গ্যালারি বা দেওয়ালে ফাটল দেখা দেয়, তবে মাঠের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়বে।
এ কারণে আলমডাঙ্গাবাসীর জোর দাবি, নকশা ও কার্যাদেশ মেনে সঠিক অনুপাতে নির্মাণসামগ্রী ব্যবহার হচ্ছে কি না, তা নিরপেক্ষ প্রকৌশলীদের দিয়ে পরীক্ষা করাতে হবে। প্রয়োজনে ঢালাই ও ইটের মান ল্যাবরেটরিতে যাচাই করে দোষীদের চিহ্নিত করতে হবে। কয়েক কোটি টাকার এই উন্নয়নকাজ যেন দুর্নীতির কারণে মানুষের জন্য মরণফাঁদে পরিণত না হয়, সেজন্য প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের কঠোর হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা।

