দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযান: ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিদের ধরা হয়। পরে সোমবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ভগিরথপুর-লক্ষ্মীপুর সড়কের নির্মাণাধীন সেতুর ওপর অভিযান চালায়। সেখান থেকে ৩০০ পিস ইয়াবাসহ মো. হেলাল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়া গ্রামের মৃত আবুস উদ্দিনের ছেলে।
একই রাতে থানার অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—জয়রামপুর গ্রামের ইকরামুল, নুরুল ইসলাম, আলামিন, রাশিদুল, মামুন, মাহফুজ ও ইব্রাহিম এবং বাঘাডাঙ্গা গ্রামের রিটু মণ্ডল। এ ছাড়া রুদ্রনগর গ্রামের একটি নিয়মিত মামলার আসামি মো. ঝন্টু মিয়াকেও (৪২) একই অভিযানে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ১০ জনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ শেষে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

