চিকিৎসাসেবায় ভোগান্তি ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ: গাংনী হাসপাতালে দুদকের অভিযান

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় নানা অনিয়ম, রোগীদের হয়রানি এবং সরকারি কেনাকাটায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার দুপুরে কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট দল হাসপাতালটিতে এই আকস্মিক অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ। দুদক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে—এমন তথ্যের পাশাপাশি সরকারি ই-জিপি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং চাহিদামতো মালামাল না দিয়ে কিংবা নিম্নমানের সামগ্রী সরবরাহ করেই পুরো বিল তুলে নেওয়ার অভিযোগ ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই মাঠে নামে দুদকের এই দল।
হাসপাতালে পৌঁছে এনফোর্সমেন্ট দলের সদস্যরা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ই-জিপি টেন্ডারের যাবতীয় নথিপত্র ও রেকর্ডপত্র সংগ্রহ করেন। এরপর তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা নিতে এসে কোনো ধরনের জটিলতা, অনিয়ম বা দালালের দৌরাত্ম্যের মুখে পড়তে হচ্ছে কি না এবং রোগীরা হাসপাতালের ন্যায্য সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, তা রোগীদের মুখ থেকে শোনেন তদন্তকারীরা।
একই সঙ্গে হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান এবং হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়।
দুদকের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ জানান, হাসপাতাল থেকে যেসব তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা ও বিশ্লেষণ করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এনফোর্সমেন্ট টিম দ্রুতই কমিশন বরাবরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এ সময় অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুদকের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

