আলমডাঙ্গায় নতুন ইউএনও অর্ণব দত্ত, এডিসি হয়ে জামালপুর যাচ্ছেন শাহীনূর আক্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল হয়েছে। বর্তমান ইউএনও শাহীনূর আক্তারকে পদোন্নতি দিয়ে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) করা হয়েছে। আর তার জায়গায় আলমডাঙ্গার নতুন ইউএনও হিসেবে আসছেন সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শাহীনূর আক্তার চলতি বছরের ১৭ মে আলমডাঙ্গায় ইউএনও পদে যোগ দেন। এর আগে তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একই পদে দায়িত্ব পালন করেন। আলমডাঙ্গায় প্রায় ছয় মাসের কর্মকালে উপজেলা প্রশাসনের পাশাপাশি তিনি আলমডাঙ্গা পৌরসভার প্রশাসকের গুরুদায়িত্বও সামলেছেন। এবার পদোন্নতি নিয়ে তিনি জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এডিসি হিসেবে যোগ দিতে যাচ্ছেন।
অন্যদিকে আলমডাঙ্গার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিতে যাওয়া অর্ণব দত্ত ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। সাতক্ষীরা সদর থেকে বদলি হয়ে তিনি এখন আলমডাঙ্গার দায়িত্ব নেবেন। নতুন দায়িত্বে যোগ দিয়ে তাকে উপজেলা প্রশাসন পরিচালনার পাশাপাশি পৌরসভার প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতাও রক্ষা করতে হবে।

