চুয়াডাঙ্গায় ঝুপড়িঘরে থাকা অসহায় সিদ্দিক মিয়ার পাশে দাঁড়ালেন ইউএনও

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া কেরুজ মাঠের একটি নির্জন ঝুপড়িঘরে মানবেতর দিন কাটাচ্ছিলেন সিদ্দিক মিয়া। শারীরিক অসুস্থতা ও বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়া এই বৃদ্ধের খোঁজ পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র।
গতকাল মঙ্গলবার দুপুরে আড়িয়া কেরুজ মাঠের ওই ঝুপড়িঘরে সরাসরি পৌঁছান ইউএনও। তিনি সিদ্দিক মিয়ার বর্তমান পরিস্থিতির খোঁজ নেন এবং তার হাতে শুকনো খাবার ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন। সেই সঙ্গে অসুস্থ এই ব্যক্তির সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও আশ্বাস দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোকালয় থেকে দূরে নির্জন স্থানে থাকতে অভ্যস্ত সিদ্দিক মিয়া দীর্ঘদিন ধরেই কেরুজ মাঠের ওই ঝুপড়িতে বসবাস করছেন। তবে বয়স বাড়ার সাথে সাথে শারীরিক নানা জটিলতায় তার জীবনযাপন অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছিল। সম্প্রতি একটি সামাজিক সংগঠনের মাধ্যমে বিষয়টি জানতে পারে উপজেলা প্রশাসন। খবর পেয়েই তাৎক্ষণিকভাবে সরেজমিনে উপস্থিত হন ইউএনও তিথি মিত্র।
সহায়তা প্রদানকালে ইউএনও বলেন, ‘মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা অসহায় ও দুর্বিষহ জীবনযাপন করেন। আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াই, তবেই আমাদের জীবন সার্থক হবে। আমি দাফতরিক কাজের পাশাপাশি সাধ্যমতো সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।’

