দর্শনায় যুবককে কুপিয়ে রক্তাক্ত, আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হলো ঢাকায়

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনায় স্বর্ণ চোরাচালান ও মাদকের বিরোধকে কেন্দ্র করে ওমর ফারুক (৩০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
মঙ্গলবার বিকেলে দর্শনা দক্ষিণচাঁদপুর হল্ট স্টেশনসংলগ্ন গ্যাংকোয়ার্টার পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। আহত ওমর ফারুক ওই এলাকার মৃত হোসেন বাবুর ছেলে।
স্থানীয় সূত্র ও আহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান ও মাদক কারবারসহ নানা অবৈধ ব্যবসার দ্বন্দ্বের জের ধরেই এই হামলার সূত্রপাত। ঘটনার সময় ওমর ফারুক নিজ বাড়ির পাশেই অবস্থান করছিলেন। তখন অতর্কিতভাবে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র হাসুয়া ও চাপাতি নিয়ে তার ওপর চড়াও হয় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে দক্ষিণচাঁদপুর এলাকার আক্তার হোসেনের ছেলে রানা হোসেন (৩০), আব্দুর রাজ্জাকের ছেলে মিনারুল হোসেন (৩২), শুকর আলীর ছেলে সম্রাট হোসেন (২৮) ও ইসাহাক আলীর ছেলে জাহাঙ্গীর হোসেনকে (২৯) দায়ী করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হামলার পর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা গুরুতর আহত ফারুককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। এদিকে প্রকাশ্যে এমন রক্তক্ষয়ী হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, হামলার খবর পাওয়ার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

