শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কুষ্টিয়ায় ভাঙাড়ির বস্তা ঢালার সময় ককটেল বিস্ফোরণ, ব্যবসায়ীসহ আহত ২২৩ জনকে নেবে যশোর জেলা প্রশাসকের কার্যালয়চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিকের প্রাইভেটকারে দুর্বৃত্তদের হামলাআইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার্থে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি চত্বরে ৯টি পাকা দোকান চালুচুয়াডাঙ্গায় বৈরী আবহাওয়ায় থমকে গেছে জনজীবন, মাঠের পাকা আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষকগাজীপুরে স্বাভাবিক শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন ৮০ শতাংশ কারখানার শ্রমিককুমিল্লায় আওয়ামী লীগের ৬৪ নেতা-কর্মীসহ আটক ২৮৮কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘ইনস্ট্রাক্টর’ পদের লিখিত পরীক্ষা ৮ ডিসেম্বরগোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুনখাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় বৈরী আবহাওয়ায় থমকে গেছে জনজীবন, মাঠের পাকা আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী মেহেরপুর জেলায় টানা বর্ষণ ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টি শুক্রবার সারাদিন কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মুষলধারে ঝরেছে। অসময়ের এই বৈরী আবহাওয়ায় একদিকে যেমন দিনমজুর ও রিকশা-ভ্যানচালকদের মতো শ্রমজীবীদের আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, অন্যদিকে মাঠের পাকা রোপা আমন ধান ঘরে তোলা নিয়ে চরম উদ্বেগে পড়েছেন কৃষকেরা।

শুক্রবার ছুটির দিনে চুয়াডাঙ্গা জেলা শহরসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির তোড়ে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। নিত্যপ্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে যাদের বাইরে বের হতে হয়েছে, তারা ছাতা কিংবা পলিথিন মাথায় দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। বৃষ্টির কারণে নিচু এলাকার গ্রামীণ কাঁচা-পাকা সড়কে পানি জমে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি আরও বেড়েছে।

কাজ নেই, অলস বসে আছেন শ্রমজীবীরা

সকালে কাজের আশায় বিভিন্ন গ্রাম থেকে জেলা শহরে এলেও বৃষ্টি মাথায় নিয়ে কাজ না পেয়ে অনেক নির্মাণশ্রমিক ও দিনমজুরকে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। একই দশা রিকশা, ভ্যান ও ইজিবাইকচালকদের। রাস্তায় লোকজনের আনাগোনা কমে যাওয়ায় যাত্রী পেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

কাজের খোঁজে শহরে এসে দাঁড়িয়ে থাকা নির্মাণশ্রমিক ইদ্রিস আলী বলেন, 'আমাদের মতো দিনমজুরদের এক বেলা কাজ না থাকলে সেদিনের খাবারের চিন্তা এসে ভর করে। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকলে পরিবারের বাজার খরচ চালানোই কঠিন হয়ে পড়ে।'

চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় মাথায় পলিথিন বেঁধে ভিজে ভিজে তেলের ড্রাম টানছিলেন ভ্যানচালক হাসান আলী। তিনি জানান, প্রতিদিন ভোরে বের হয়ে যতক্ষণ পরিশ্রম করেন, ততক্ষণই আয় হয়। বৃষ্টির দিনে মানুষ প্রয়োজন ছাড়া বের হয় না বলে কোনো যাত্রী মিলছে না। সকাল থেকে বসে থেকে মাত্র একটি ভাড়া পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আয় না হওয়ায় বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজেই কাজ খুঁজছেন তিনি।

ইজিবাইকচালক রিপন আলীর অভিজ্ঞতাও একই রকম। তিনি জানান, বৃষ্টিতে গাড়ি চালানো বেশ কষ্টের হলেও ঘরে বসে থাকলে সংসার চলবে না। যাত্রী সংকটের কারণে সারাদিনের জমা খরচ তোলাই দায় হয়ে পড়েছে।

শহরে জরুরি কাজে আসা রাসেল আলী নামে এক পথচারী জানান, রাত থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে। চলাচলের দুর্ভোগের পাশাপাশি বাতাসে বেশ শীত অনুভূত হচ্ছে। বৃষ্টি কাটলেই হয়তো পুরোদমে শীত নামবে বলে মনে করছেন তিনি।

মাঠের পাকা ধান নিয়ে কৃষকের কপালে ভাঁজ

অসময়ের এই বৃষ্টি ও দমকা বাতাসে সবচেয়ে বড় আঘাত এসেছে কৃষি খাতে। চুয়াডাঙ্গার দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন মাঠে এখন রোপা আমন ধান পেকে সোনালী বর্ণ ধারণ করেছে। অনেক জায়গায় ধান কাটার প্রস্তুতি চলছিল। এ অবস্থায় টানা বৃষ্টিতে ধান নুয়ে পড়া ও জমিতে পানি জমার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। পাশাপাশি ভুট্টার মতো অন্য ফসলের ক্ষেত্রেও ক্ষতির ঝুঁকি দেখছেন তারা।

দামুড়হুদার কড়ুলগাছি গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, মাঠে পাকা ধান পড়ে রয়েছে। গত দুই দিনের বৃষ্টিতে তারা চরম আতঙ্কে আছেন। এখনই বৃষ্টি থেমে গেলে খুব বেশি সমস্যা হবে না, তবে এই বৃষ্টি আরও দীর্ঘ হলে ধান পচে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। একই এলাকার কৃষক আব্দুল গনি জানান, বিশেষ করে নিচু বিল এলাকার ধান নিয়ে কৃষকেরা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।

চলমান আবহাওয়ায় কৃষির পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগের মতে, বৃষ্টিপাত আর না বাড়লে ফসলের বড় ধরনের ক্ষতি হবে না। তবে বৃষ্টি টানা অব্যাহত থাকলে আমনের বড় বিপর্যয় ঘটতে পারে।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার জানান, বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে ফসলের বড় কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হয়ে এলে জমি থেকে পানি নেমে যাবে এবং তখন ক্ষতির মাত্রা অনেকটাই কমানো সম্ভব হবে।

বৃষ্টির পরিমাপ ও আবহাওয়ার পূর্বাভাস

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক মো. জামিনুর রহমান জানান, দুর্যোগপূর্ণ এই আবহাওয়া আগামী দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। এরপর মেঘ কেটে গেলে আগামী ২৫ নভেম্বর থেকে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে এবং শীত পুরোদমে অনুভূত হতে পারে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...