চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিকের প্রাইভেটকারে দুর্বৃত্তদের হামলা

চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও তার পরিবারের সদস্যদের বহনকারী একটি প্রাইভেটকারে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় অবস্থিত বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির অদূরে এ ঘটনা ঘটে। তবে গাড়িতে থাকা কেউ শারীরিকভাবে আঘাত পাননি। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হুসাইন মালিক বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। একইসঙ্গে তিনি বাংলাদেশ বেতার, দীপ্ত টেলিভিশন ও জাতীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
যেভাবে ঘটে হামলার ঘটনা
ঘটনার বিবরণ দিয়ে সাংবাদিক হুসাইন মালিকের বড় ভাই ও সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক জানান, এক ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে তারা প্রাইভেটকারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় আত্মীয়দের নামিয়ে দিয়ে দুই ভাই বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দৌলতদিয়াড়ের বঙ্গজ লিমিটেডের কিছুটা আগে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে অতর্কিত আঘাত হানে। কোনো লোহার রড বা বড় হাতুড়ি দিয়ে গাড়ির বিভিন্ন অংশে পিটিয়ে ক্ষতিসাধন করা হয়।
হাসান মালিক বলেন, সে সময় তাদের গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার। ওই সড়কে তার নিয়মিত যাতায়াত না থাকায় তিনি নিজে হামলার লক্ষ্য ছিলেন না বলেই মনে করছেন। তার ধারণা, সাংবাদিক হুসাইন মালিককে উদ্দেশ্য করেই এ হামলা চালানো হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, গাড়ির সব কাচ বন্ধ থাকা অবস্থায় বিকট শব্দ হওয়ায় শুরুতে তারা ভেবেছিলেন কেউ গুলি চালিয়েছে। পরে বুঝতে পারেন কোনো ভারী লোহার বস্তু বা হাতুড়ি দিয়ে গাড়িটিতে আঘাত করা হয়েছে। হামলার পরপরই তারা গাড়ি না থামিয়ে সরাসরি চুয়াডাঙ্গা সদর থানায় চলে যান। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি দাবি করেন।
পুলিশ ও প্রেসক্লাবের বক্তব্য
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান জানান, সাংবাদিকের গাড়িতে হামলার বিষয়ে তারা অবগত হয়েছেন। ভুক্তভোগী হুসাইন মালিক থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
এদিকে সহকর্মীর ওপর এমন হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব। পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ ঠিক করতে আজ শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

