কুষ্টিয়ায় ভাঙাড়ির বস্তা ঢালার সময় ককটেল বিস্ফোরণ, ব্যবসায়ীসহ আহত ২

কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় একটি ভাঙাড়ির দোকানে ককটেল সদৃশ বোমা বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ভাঙাড়ি সংগ্রাহক সুমন ও দোকান মালিক রুহুল আমিন।
আহত সুমন কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়া এলাকার আব্দুর জব্বারের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে ভাঙাড়ি কুড়িয়ে বিক্রি করেন। আর রুহুল আমিন জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং পেশায় ভাঙাড়ি ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কুড়িয়ে পাওয়া বিভিন্ন ভাঙাড়ির মালামাল এক বস্তায় ভরে রুহুল আমিনের দোকানে নিয়ে আসেন সুমন। সেখানে ডিজিটাল স্কেলে ওজন করার পর বস্তাটি খালি করার জন্য মেঝেতে ঢালা হচ্ছিল। ওই সময় বস্তার ভেতর থেকে লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু মাটিতে পড়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে দোকানের ভেতরে থাকা দুজনই গুরুতর জখম হন।
বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বস্তুটি ককটেল বোমা ছিল। ভাঙাড়ির ভেতর এই বিস্ফোরক কোথা থেকে এবং কীভাবে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। আহতরা সুস্থ হলে এ ব্যাপারে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

