জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর চাঁদ আলী (৫০) নামের এক ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চাঁদ আলী জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। তিনি ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপার্জনের উদ্দেশ্যে ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হন চাঁদ আলী। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালিয়েও তাঁর কোনো খোঁজ পাননি। পরবর্তীতে নিখোঁজের পরদিন পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
আজ সকালে শাহাপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত ও মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরে পরনের পোশাক ও বিভিন্ন আলামত দেখে মরদেহটি চাঁদ আলীর বলে শনাক্ত করেন তাঁর স্বজনেরা। তবে তাঁর ভ্যানটির এখনও কোনো হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন করতে মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে নির্জন স্থানে মরদেহ ফেলে রেখে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

